২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চিলির কাছে হেরে চ্যাম্পিয়নদের বিদায়

কদিন আগেও যা ভাবা যায়নি, সেটাই হলো। প্রথম দুই ম্যাচ হেরে ব্রাজিল বিশ্বকাপ থেকে বিদায় নিল বিশ্ব চ্যাম্পিয়নরা। ডাচ-লজ্জায় ডোবা স্পেনকে নিয়ে খেললো চিলিও। তাদের ২-০ গোলে হারিয়ে নেদারল্যান্ডসকে সঙ্গে নিয়ে সবার আগে দ্বিতীয় রাউন্ডে উঠে গেল লাতিন আমেরিকার দেশটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2014, 03:24 AM

Updated : 13 Oct 2022, 12:15 PM

প্রথম কোনো বিশ্ব চ্যাম্পিয়ন দল হিসেবে পরের আসরের শুরুর দুটি ম্যাচে হারলো ভিসেন্ত দেল বস্কের স্পেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে স্পেনের ‘বি’ গ্রুপের শেষ ম্যাচটা তাই পরিণত হলো কেবল আনুষ্ঠানিকতায়। এরপর ট্রফিটা আপাতত ব্রাজিলে রেখে অস্ট্রেলিয়ার সঙ্গে দেশের বিমান ধরতে হবে তাদের।

চিলির পক্ষে প্রথমার্ধে একটি করে গোল করেন এদুয়ার্দো ভারগাস ও চার্লস আরানগেস।

বিশ্বকাপে টিকে থাকতে হলে হার এড়াতেই হতো স্পেনের। কিন্তু বুধবার রিও দে জেনেইরোর মারাকানা স্টেডিয়ামে হোর্হে সামপাওলির শিষ্যরা শুরুতেই আভাস দিয়েছিলেন, কী অপেক্ষা করছে গত ছয় বছরে তিনটি বড় শিরোপা জেতা স্পেনের সামনে।

মাত্র দ্বিতীয় মিনিটেই এগিয়ে যেতে পারতো চিলি। জর্দি আলবা সেবার দলকে রক্ষা করেন।

১৭তম মিনিটে ম্যাচের প্রথম সুযোগটি পায় স্পেন। কিন্তু চাবি আলনসো সরাসরি গোলরক্ষকের দিকে মেরে সুযোগটি নষ্ট করেন।

এর তিন মিনিটের মধ্যেই অসাধারণ এক দলীয় প্রচেষ্টায় এগিয়ে যায় চিলি। ডান দিক থেকে স্পেনের রক্ষণ ভেঙে আলেক্সিস সানচেস খুঁজে পান আরানগেসকে। তিনি অসাধারণ দক্ষতায় বলটাকে পাঠান এদুয়ার্দো ভারগাসের কাছে। প্রথম ছোঁয়াতেই ইকের কাসিয়াসকে ফাঁকি দেন ভারগাস। এরপর পেছনে পড়তে পড়তে বুটের সামনের অংশ দিয়ে টোকা মেরে বল জড়িয়ে দেন জালে।

২৮তম মিনিটে প্রথমার্ধে নিজেদের সবচেয়ে সহজ সুযোগটি পেয়েছিলেন দিয়েগো কস্তা। দাভিদ সিলভার কাছ থেকে গোল করার মতো জায়গায় বল পেলেও বাইরে মেরে নষ্ট করেন আতলেতিকো মাদ্রিদের এই স্ট্রাইকার।

৪৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করা গোলটা হয় কাসিয়াসের ভুলে। সানচেসের সাধারণ একটা ফ্রি কিক ঠিক ভাবে বিপদমুক্ত করতে পারেননি স্পেনের অধিনায়ক; পাঞ্চ করে বল ফেলেন বিপজ্জনক জায়গায়। এবার আরানগেসের দারুণ শট আর ফেরাতে পারেননি তিনি। দ্বিতীয়ার্ধের ৫৩তম মিনিটে ব্যবধান কমানোর সুবর্ণ সুযোগটি পেয়েছিলেন সের্হিও বুসকেতস। বাইসাইকেল কিকে গোললাইনের ঠিক সামনে বুসকেতসকে বল দিয়েছিলেন কস্তা। কিন্তু সেখান থেকেও শট নিতে পারেননি বার্সেলোনার এই মিডফিল্ডার। ৭১তম মিনিটে ফলাফল নিয়ে অনিশ্চয়তা শেষ করার সুযোগ এসেছিল চিলির সামনে। ইউহেনিও মেনার নিচু ক্রসটি লক্ষ্যে রাখতে পারেননি মাওরিসিও ইসলা। শেষ দিকে কিছু সুযোগ তৈরি করলেও তার একটিও কাজে লাগাতে পারেনি স্পেন। তাড়াহুড়ো করে মেরে সহজ সুযোগও হাতছাড়া করেছেন তারা। স্পেনকে প্রথম ম্যাচে ৫-১ গোলে হারানো নেদারল্যান্ডস দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে হারায় ৩-২ গোলে। চিলি এই জয়ে ৬ পয়েন্ট নিয়ে গতবারের রানার্সআপরাও তাই উঠলো শেষ ষোলোতে। গ্রুপের শেষ ম্যাচে এই দুই দল লড়বে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে স্বাগতিক ব্রাজিলকে এড়ানোর লড়াইয়ে। ১৯৯৮ সালের বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স বিদায় নিয়েছিল তার পরের আসরের গ্রুপ পর্ব থেকে। একই ভাগ্য বরণ করেছিল ২০০৬ সালের চ্যাম্পিয়ন ইতালিও। পরের বার প্রথম রাউন্ড পার হতে পারেনি তারা। স্পেনের বিপক্ষে আগের ১০ ম্যাচের আটটিতেই হেরেছিল চিলি, ড্র করেছিল অন্য দুটিতে। বিশ্ব চ্যাম্পিয়নদের টুর্নামেন্টের শুরুর দিকে বিদায় করে সবচেয়ে মধুর প্রতিশোধই নিল চমক জাগানো দলটি।