সুয়ারেসের শত্রু সতীর্থরাই
প্রথম ম্যাচে খেলতে পারেননি লুইস সুয়ারেস। বাঁচা-মরার দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে উরুগুয়ের এই তারকা স্ট্রাইকার যখন নামার প্রস্তুতি নিচ্ছেন, তখন প্রতিপক্ষ হিসেবে দাঁড়িয়ে যাচ্ছেন ক্লাব সতীর্থরাই।
কোস্টা রিকার কাছে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে উরুগুয়ের ৩-১ গোলে হেরে যাওয়া ম্যাচটি বেঞ্চে বসে দেখেন সুয়ারেস। তবে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে নিজেকে শতভাগ ফিট বলে ঘোষণা করেছেন ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলের হয়ে খেলা এই স্ট্রাইকার।
বৃহস্পতিবার সাও পাওলোতে ক্লাব সতীর্থ স্টিভেন জেরার্ড, জর্ডান হেন্ডারসনরাই এখন তাকে আটকানোর ছক আটছে।
ক্লাবে যিনি চোটে পড়লে দুশ্চিন্তায় কাতর হতো জেরার্ডদের মুখ, সেই সুয়ারেস বিশ্বকাপের আগে হাঁটুর চোটে পড়ায় হয়ত খুশিই হয়েছিলেন তারা। সুয়ারেসের এবারের চোট থেকে সেরে ওঠাটা জেরার্ড-হেন্ডারসনদের দুশ্চিন্তাটাই বাড়িয়েছে।
অ্যানফিল্ড সতীর্থ হেন্ডারসন সুয়ারেসের চোট নিয়ে বলেন, "সুয়ারেস না খেললে অবশ্যই আমাদের জন্য ভালো, কারণ সে দারুণ এক খেলোয়াড়।
এই ম্যাচে ভাগ হয়ে যাচ্ছে লিভারপুলের স্ট্রাইকার-জুটিও। সুয়ারেস আর ড্যানিয়েল স্টারিজ মিলে সদ্য শেষ হওয়া মৌসুমে লিভারপুলকে প্রিমিয়ার লিগে ৫২ গোল এনে দিয়েছেন। ৩৩ ম্যাচে ৩১ গোল করে সুয়ারেস হন এবারের প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতা। ২১ গোল করে তার পরেই ছিলেন স্টারিজ।
স্টারিজও জানিয়েছেন, সুয়ারেসের সঙ্গে দেখা হওয়ার অপেক্ষায় আছেন তিনি। তবে সুয়ারেস নয় পুরো উরুগুয়ে দল নিয়েই চিন্তা করছেন তিনি।
“সে (সুয়ারেস) একজন বিশ্বমানের খেলোয়াড়, কিন্তু আমরা মুখোমুখি হচ্ছি কাভানি, ফোরলান ও অন্যান্য প্রতিভাবান ফুটবলারেরও। আমরা শুধু লুইস নয়, দল হিসেবে তাদের নিয়ে চিন্তিত।”
