তবুও হতাশ আলজেরিয়া কোচ
৩২ বছর আগে বিশ্বকাপ অভিষেকে বিশ্ব কাঁপানো অঘটনের জন্ম দেয়া আলজেরিয়া পারতো ব্রাজিলেও চমক দেখাতে। শক্তিশালী বেলজিয়ামের বিপক্ষে ম্যাচের শুরুতে এগিয়েও শেষ ২০ মিনিটে দুই গোল খেয়ে উল্টো হেরে মাঠ ছাড়তে হয় তাদের।
অধিকাংশ সময় এগিয়ে থেকেও শেষ পর্যন্ত হেরে যাওয়ায় হতাশ আলজেরিয়ার কোচ ভাহিদ হালিলহোদিচ।
“অসাধারণ কিছু অর্জনের ধারে কাছে এসেও তা না পাওয়ায় আমি হতাশ। একটা অঘটন ঘটানো থেকে আমরা খুব একটা দূরে ছিলাম না।”
মঙ্গলবার ব্রাজিল বিশ্বকাপে ‘এইচ’ গ্রুপের প্রথম ম্যাচে বেলজিয়ামের কাছে ২-১ গোলে হারে আলজেরিয়া। ১৯৮২ সালে ওই একই ব্যবধানেই পশ্চিম জার্মানিকে হারিয়েছিল আরব বিশ্বের দেশটি।
ম্যাচ শেষে হার সঙ্গী হলেও আলজেরিয়া যেভাবে খেলেছে তাতে অবশ্য খুশি হতেই পারেন দলটির কোচ। কারণ ২৪তম মিনিটে ভালেন্সিয়া স্ট্রাইকার ফেঘুলির পেনাল্টি থেকে করা গোলে পিছিয়ে পড়ার পরও আরব দেশটির বিপক্ষে তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি বেলজিয়াম।
তবে শেষটা মধুর করতে পারেনি ২৮ বছর ও ৫০৬ মিনিট পর বিশ্বকাপে ফের গোল করা আলজেরিয়া। শেষ ২০ মিনিটে দুই বদলি খেলোয়াড় মারুয়ান ফেলাইনি ও ড্রিস মের্টেনসের গোলে স্বস্তির জয় পায় বেলজিয়াম।
এই হারের কারণ হিসেবে প্রতিপক্ষের পাল্টা আক্রমণের ক্ষমতাকেই বাহবা দিয়েছেন কোচ হালিলহোদিচ।
তবে কোচ অখুশি হলেও এবারের বিশ্বকাপে আরব বিশ্বের একমাত্র প্রতিনিধি এসে বিশ্বসেরাদের লড়াইয়ে ফের গোল করতে পেরেই খুশি আলজেরিয়ার সমর্থকেরা।
