২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাপেল্লোর জন্মদিনের উপহার 'ড্র'

দক্ষিণ কোরিয়ার বিপক্ষে পিছিয়ে পড়েও ড্রটাও রাশিয়া শিবিরে একটা স্বস্তি নিয়ে এসেছে। আবেগে ভাসিয়েছে 'পাথর-কঠিন' কাপেল্লোর মনকেও। এই ড্রকেই তার ৬৮তম জন্মদিনের সবচেয়ে সেরা উপহার ভাবছেন রাশিয়ার কোচ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2014, 10:07 PM

Updated : 13 Oct 2022, 12:14 PM

মাঠে অভিব্যক্তিহীন কাপেল্লোর এভাবে একটি ড্রয়ে বিগলিত হয়ে পড়ার যথেষ্ট কারণও আছে। মঙ্গলবার কুইয়াবার আরেনা পানতানালে গোলরক্ষক ইগর আকিনফিভের ভুলে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৬৮তম মিনিটে পিছিয়ে পড়ে রাশিয়া। ৬ মিনিট পর গোলটি শোধ দিয়ে দলকে ড্র এনে দেন আলেকসান্দ্র কেরজাকোভ।

বিশ্বকাপ অভিযানের সূচনা-ম্যাচে হার এড়াতে পেরেই খুশি কাপেল্লো। আবেগাপ্লুত হয়ে চিরাচরিত চরিত্রের বাইরে গিয়ে কাপেল্লো খেলোয়াড়দের বুধবার তার জন্মদিন উদযাপনের অনুমতি দিয়েছেন।

"দল যেভাবে সারা দিয়েছে, তাতে আমি খুশি। ওদের বলে দিয়েছি আমার জন্মদিনে এর চেয়ে বেশি বড় উপহার আর হতে পারে না।"

১২ বছর পর আবার বিশ্বকাপের মূলমঞ্চে ফেরা রাশিয়ার শুরুটা খুব একটা ভালো হয়নি। তবে সময় যত পেরিয়েছে, রাশিয়া ভালো খেলেছে বলে দাবি করেন কাপেল্লো। ম্যাচ শেষে আকিনফিভের ভুলটাকেও 'ক্ষমা' করে দিয়েছেন তিনি।