পা মাটিতেই রাখছে মেক্সিকো
পাঁচ বারের চ্যাম্পিয়ন ব্রাজিলকে রুখে দিয়েও উচ্ছ্বাসে ভেসে যাচ্ছেন না মেক্সিকোর কোচ মিগেল এররেরা। দারুণ এই সাফল্যের জন্য খেলোয়াড়দের প্রশংসা করলেও এখনো উৎসব করার সময় আসেনি বলে মনে করেন তিনি।
মঙ্গলবার ফরতালেজার স্তাদিও কাস্তেলাওয়ে ২০১৪ বিশ্বকাপের সবচেয়ে ফেভারিট দল ব্রাজিলকে গোলশূন্য ড্রয়ে আটকে দিয়েছে মেক্সিকো।
স্বাগতিক ব্রাজিলকে গোলশূন্য রুখে দেয়ার মতো এমন একটি অসাধ্য সাধনের পরও উচ্ছ্বাস দেখাতে চান না এররেরা। কারণটাও বলে দিয়েছেন তিনি।
"আমরা একটি পয়েন্ট পেয়েছি, কিন্তু এখনো নির্দিষ্ট করে কিছু পাইনি। এখনো আমরা গ্রুপেই আছি এবং একটি জায়গার (পরের রাউন্ডের) জন্য লড়াই করছি।"
১৯৭৮ সালের বিশ্বকাপের পর দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করতে কখনো দুই ম্যাচের বেশি খেলতে হয়নি ব্রাজিলকে। কিন্তু এবার স্বাগতিক হয়েও এটা করতে পারল না লুইস ফেলিপে স্কলারির দল।
"আমাদের কোচিং-স্টাফদের একটি পরিকল্পনা ছিল। কিন্তু কৃতিত্ব খেলোয়াড়দেরই প্রাপ্য। দারুণ একটি ম্যাচ খেলেছে তারা।"
তবে বিশেষ করে তিনি গোলরক্ষক গিয়েরমো ওচোয়ার কথা বললেন। সেটা তাকে বলতেই হতো। কারণ ওচোয়ার অসাধারণ কিছু সেভের কারণেই গোল-বঞ্চিত ছিলেন নেইমাররা।
