কোয়েন্ত্রাওয়ের বিশ্বকাপ শেষ
জার্মানির কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হওয়াতেই শেষ হচ্ছে না পর্তুগালের দুরাবস্থা। সেই ম্যাচে ঊরুতে চোট পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছেন ডিফেন্ডার ফাবিও কোয়েন্ত্রাও। মঙ্গলবার দেশটির ফুটবল সংস্থা তা নিশ্চিত করেছে।
সোমবার সালভাদরের আরেনা ফন্তে নোভায় ম্যাচের ৬৫তম মিনিটে পায়ে চোট পেয়ে মাঠ ছাড়েন রিয়াল মাদ্রিদের কোয়েন্ত্রাও। পরে নিজেদের ওয়েবসাইটে এক বিবৃতিতে পর্তুগিজ ফুটবল সংস্থা জানায়, ঊরুর পেশির চোটে ভুগছেন তিনি।
পরের ম্যাচে রক্ষণ নিয়ে দুর্ভাবনাতেই পড়তে হবে পাওলো বেন্তাকে। কোয়েন্ত্রাওয়ের চোটই শুধু নয়, হতশ্রী ওই পারফর্ম্যান্সের ম্যাচে লাল কার্ড পান ডিফেন্ডার পেপে।
এছাড়া ২৮তম মিনিটে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মাঠ ছাড়েন ফরোয়ার্ড হুগো আলমেইদা। আর ঊরুর চোটে ভুগছেন গোলরক্ষক রুই পাত্রিসিও।
আগামী রোববার মানাউসে যুক্তরাষ্ট্রের বিপক্ষে বিশ্বকাপ স্বপ্ন টিকিয়ে রাখার লড়াইয়ে নামবে ক্রিস্তিয়ানো রোনালদোর পর্তুগাল।
