২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগের দর্শনেই বিশ্বাস রাখছে স্পেন

স্পেনের ডাচ-লজ্জা নিয়ে আলোচনা-সমালোচনা এখনো চলছে। কেউ আবার মনে করছেন নেদারল্যান্ডসের কাছে হারের পর স্পেন তাদের খেলার ধরণেই পরিবর্তন আনবে। কিন্তু স্পেনের মিডফিল্ডার হুয়ান মাতার বিশ্বাস, বিশ্ব চ্যাম্পিয়নরা তাদের ফুটবল দর্শনেই বিশ্বাস রাখবে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2014, 10:28 PM

Updated : 13 Oct 2022, 12:14 PM

গত শুক্রবার সালভাদরে নেদারল্যান্ডসের সঙ্গে ম্যাচে প্রথমার্ধে বল দখলে এগিয়ে ছিল 'তিকি-তাকা' পাসে খেলা স্পেন। কিন্তু দ্বিতীয়ার্ধে ডাচদের গতিময় ফুটবলের কাছে মুখ থুবড়ে পড়ে তাদের সেই দর্শন।

ডাচদের প্রতি আক্রমণাত্মক ফুটবল আর ব্যক্তিগত কিছু ভুলে শেষ পর্যন্ত ৫-১ গোলে হারে গত ৬ বছরে দুটি ইউরো আর একটি বিশ্বকাপ জেতা স্পেন।

গ্রুপ পর্বে স্পেনের পরের ম্যাচটি বুধবার, চিলির বিপক্ষে। এই ম্যাচের আগে অনেকেই অনেক কথা বলছেন। কিন্তু মাতা মনে করেন, স্পেনের তাদের নিজস্ব ধরণেই খেলা উচিত।

"আমাদের খেলার এই ধরণের ওপরই বিশ্বাস রাখতে হবে। এই খেলাই আমাদের অনেক সাফল্য এনে দিয়েছে এবং এটাই আমাদের খেলা নিয়ন্ত্রণ করতে দেয়, তাই আমি খেলার ধরণ পরিবর্তনের কোনো কারণ দেখি না।"

নেদারল্যান্ডসের কাছে হেরে যাওয়া ম্যাচে বেঞ্চে কাটানো ম্যানচেস্টার ইউনাইটেডের মিডফিল্ডার জানান, দলের অবস্থা এখন ভালো আর ডাচ-লজ্জা ভুলে সবাই সামনের দিকে এগিয়ে যেতে চায়।