৩০ সেকেন্ডেই গোল!
রেফারি ম্যাচ শুরুর বাঁশি বাজালেন, দর্শক-সমর্থকরা তখনো সবাই ঠিকঠাক হয়ে বসতেও পারেনি; এর মধ্যেই আনন্দে মেতে উঠল যুক্তরাষ্ট্রের খেলোয়াড়রা। ম্যাচের ৩০তম সেকেন্ডই দলকে এগিয়ে দেন ক্লিন্ট ডেম্পসি!
ম্যাচ শুরুর সঙ্গে সঙ্গেই বাঁ প্রান্তে বল পেয়ে যান ডেম্পসি। ঘানার একজনকে কাটিয়ে তীব্র গতিতে সামনে এগিয়ে যান তিনি। এই গতিতেই ঘানার আরেক খেলোয়াড়কে পরাস্ত করে বক্সে ঢোকেন যুক্তরাষ্ট্রের এই ফরোয়ার্ড। এর কোনাকুনি শটে গোলরক্ষককে ফাঁকি দিয়ে বল পৌঁছে দেন জালে।
ফিফা প্রথমে ক্লিন্ট ডেম্পসির গোলটি ২৯ সেকেন্ডে হয়েছিল বলে জানায়। পরে গোলটির সময় বদলিয়ে ৩০ সেকেন্ড করে তারা।
ডেম্পসির গোলের পর বিশ্বকাপে দ্রুততম গোল নিয়ে আবার আলোচনা শুরু হয়। বিশ্বকাপের দ্রুততম গোলের রেকর্ডটি এখনো তুরস্কের হাসান সুকুরের অধিকারে। ২০০২ সালে কোরিয়া-জাপান বিশ্বকাপে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ১১ সেকেন্ডে গোল করেছিলেন তিনি।
ডেম্পসির গোলটি বিশ্বকাপে পঞ্চম দ্রুততম।
বিশ্বকাপের দ্রুততম ১০ গোল:
খেলোয়াড় | দল | প্রতিপক্ষ | সাল | সময় |
হাকান সুকুর | তুরস্ক | দক্ষিণ কোরিয়া | ২০০২ | ১১ সেকেন্ড |
ভাস্লাভ মাসেক | চেকোস্লোভাকিয়া | মেক্সিকো | ১৯৬২ | ১৬ সেকেন্ড |
এর্নস্ট লেনের | জার্মানি | অস্ট্রিয়া | ১৯৩৪ | ২৫ সেকেন্ড |
ব্রায়ান রবসন | ইংল্যান্ড | ফ্রান্স | ১৯৮২ | ২৭ সেকেন্ড |
ক্লিন্ট ডেম্পসি | যুক্তরাষ্ট্র | ঘানা | ২০১৪ | ২৯ সেকেন্ড |
এমিল ভেনতঁ | ফ্রান্স | বেলজিয়াম | ১৯৩৮ | ৩৫ সেকেন্ড |
আর্নে নেইবার্গ | সুইডেন | হাঙ্গেরি | ১৯৩৮ | ৩৫ সেকেন্ড |
বের্নাদ লাকুম্বে | ফ্রান্স | ইতালি | ১৯৭৮ | ৩৭ সেকেন্ড |
ফ্লোরিয়ান আলবের্ত | হাঙ্গেরি | বুলগেরিয়া | ১৯৬২ | ৫০ সেকেন্ড |
আদালবের্ত দেসু | রোমানিয়া | পেরু | ১৯৩০ | ৫০ সেকেন্ড |
