রাশিয়ার মুখোমুখি এশিয়ার পরাশক্তি
সোভিয়েত ইউনিয়ন থেকে ভৌগোলিক মানচিত্র ভেঙে রাশিয়া হবার পর ভঙ্গুর হয়ে যায় ফুটবল-মানচিত্রে তাদের অবস্থান। সর্বশেষ বিশ্বকাপই তারা খেলেছিল ২০০২ সালে! তাই যদি এবারও চূড়ান্ত পর্বে উঠতে না পারত রাশিয়া, তাহলে নিশ্চিতভাবেই উঠে যেত কথাটি- ‘স্বাগতিক না হলে ২০১৮ বিশ্বকাপ খেলার সুযোগ পেত না তারা’!
অমন কথা ওঠার সুযোগ না দিয়ে দাপটের সঙ্গে এবারের বিশ্বকাপ বাছাইপর্ব পেরিয়েছে রাশিয়া। বাংলাদেশ সময় মঙ্গবার রাত চারটায় কুইয়াবায় শুরু হওয়া দক্ষিণ কোরিয়ার বিপক্ষে চূড়ান্ত পর্বে নিজেদের প্রথম ম্যাচেও তারা দেখাতে চাইবে সেই দাপট। কেননা শুধু চূড়ান্ত পর্বে উঠে সন্তুষ্ট হওয়ার কথা না পরের বিশ্বকাপের স্বাগতিকদের।
রাশিয়ার ২০০২ বিশ্বকাপ স্কোয়াডের একমাত্র যে ফুটবলার আছেন এবারো, সেই আলেক্সান্দার কেরজাকভের কথা শুনে চমকে যাবেন সবাই, ‘আমরা বিশ্বকাপ জিততে এসেছি। আমাদের সব ফুটবলার রাশিয়ার ঘরোয়া লিগে দুর্দান্ত খেলছে, যদিও বাইরে আমাদের কেউ তেমন চেনে না। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হল, কোচ ফাবিও কাপেল্লো আমাদের শক্তি-দুর্বলতা ভালোই জানেন। যদি নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারি, তাহলে আমরা সফল হব।’ তা বিশ্বকাপ জয়ের লক্ষ্যে সফল হোন কী না হন, সামর্থ্য অনুযায়ী খেললে বেলজিয়াম, আলজেরিয়া, দক্ষিণ কোরিয়ার গ্রুপ থেকে নকআউটর পর্বে ওঠা রাশিয়ার জন্য খুবই সম্ভব।
প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়ার জন্যও যেমন সেটি অসম্ভব না। মহাদেশীয় পরাশক্তি হিসেবে স্বীকৃত তারা, কিন্তু বাছাইপর্বটা খুব ভালো কাটেনি। তবু টানা অষ্টমবারের মতো চূড়ান্ত পর্বে উঠে এসেছে ঠিকই। অবশ্য সর্বশেষ পাঁচ ম্যাচে চার হার, এর মধ্যে সর্বশেষ প্রস্তুতি ম্যাচে ঘানার কাছে ০-৪ গোলে বিধ্বস্ত হওয়া মিলিয়ে বেশ বেকায়দায় দক্ষিণ কোরিয়া। এসব সামলে যদি নকআউট পর্বে যেতে পারে, তাহলে পালাবদলের সময় পেরিয়ে আবার সাফল্যের রাজপথে উঠে যাবে কোরিয়ানরা। ‘এইচ’ গ্রুপ থেকে সেটি সম্ভব বলে বিশ্বাস তাদের।
