দুঃসাধ্য লক্ষ্য মেক্সিকোর
লাতিন দেশগুলোর বিপক্ষে মেক্সিকোর বিশ্বকাপ পরিসংখ্যান খুব একটা আশা জাগানিয়া নয়। এ পর্যন্ত বিশ্বকাপে দক্ষিণ আমেরিকার দেশগুলোর বিপক্ষে একটি মাত্র জয় উত্তর আমেরিকার দলটি। সেটি ইকুয়েডরের বিপক্ষে, ২০০২ কোরিয়া-জাপান বিশ্বকাপে। মেক্সিকোর মঙ্গলবারের লাতিন-প্রতিপক্ষ তো এবারের বিশ্বকাপের সবচেয়ে ফেভারিট, স্বাগতিক ব্রাজিল। দক্ষিণ আমেরিকার এই পরাশক্তিকে হারানোর কাজটা মেক্সিকোর জন্য দু:সাধ্য এক লক্ষ্যই।
স্টেডিয়াম: স্তাদিও কাস্তেলাও, ফরতালেজা
ধারণক্ষমতা: ৬০ হাজার ৩৪৮
ম্যাচ শুরু: মঙ্গলবার রাত ১টা
রেফারি: কুনেইত চাকির (তুরস্ক)
মঙ্গলবার ‘এ’ গ্রুপের ম্যাচটির আরো কিছু তথ্য:
# বিশ্বকাপের মঞ্চে ব্রাজিলে ৬৪ বছর আগে মুখোমুখি হয়েছিল এই দুটি দল। ১৯৫০ সালের ওই আসরে মেক্সিকোকে ৪-০ গোলে বিধ্বস্ত করে ব্রাজিল।
# গত বছর কনফেডারেশন্স কাপেও দেখা হয়েছিল দল দুটির। এই স্টেডিয়ামেই হওয়া ওই ম্যাচটি ২-০ গোলে জিতেছিল টুর্নামেন্ট শিরোপা জেতা ব্রাজিল। সর্বমোট ৩৮ বারের মুখোমুখি লড়াইয়ে ব্রাজিল জিতেছে ২২বার, মেক্সিকো ১০ বার আর বাকি ৬টি ম্যাচ হয়েছে ড্র।
# বিশ্বকাপে লাতিন আমেরিকার দলগুলোর বিপক্ষে মেক্সিকো একবারই জিতেছে, ২০০২ সালে জাপান ও দক্ষিণ কোরিয়া বিশ্বকাপের গ্রুপ পর্বে ইকুয়েডরকে ২-১ গোলে হারিয়েছিল তারা।
# গত সেপ্টেম্বর থেকে ১০টি ম্যাচ জিতেছে ব্রাজিল।
