এ কোন রোনালদো?
নেইমারের স্বপ্ন-যাত্রার শুরু হলো স্বপ্নের মতোই, লিওনেল মেসি প্রথম ম্যাচে তার বিশ্বকাপ গোল-খরা কাটালেন। শুরুতেই সাফল্য পেলেন না কেবল বর্ষসেরা ফুটবলার ক্রিস্তিয়ানো রোনালদো। পর্তুগালের ব্রাজিল বিশ্বকাপের অভিযান শুরুর দিন ফুটবল বিশ্ব দেখল অচেনা এক রোনালদোকে।
মেসি-নেইমার-রোনালদো, বিশ্বকাপ শুরুর আগে থেকেই ঘরে ঘরে উচ্চারিত হচ্ছে এই তারকা-ত্রয়ীর নাম।
বিশ্বকাপের আগে থেকেই বিশ্বজোড়া ফুটবল পিপাসুদের রোমাঞ্চ উপহার দিয়ে যাচ্ছেন সময়ের সেরা তিন তারকা। ব্রাজিল বিশ্বকাপও এই ত্রয়ীর আলোয় আলোকিত হবে বলে ধরে নিয়েছেন অনেকেই। ফুটবল রোমান্টিকদের সেই প্রত্যাশা প্রথম ম্যাচে মোটামুটি মিটিয়েছেন ব্রাজিলের স্বপ্ন-সারথি নেইমার আর আর্জেন্টিনার ভরসা মেসি। কিন্তু রোনালদো ব্রাজিল বিশ্বকাপে তার প্রথম ম্যাচে ফুটবল বিশ্বকে উপহার দিলেন একরাশ হতাশা।
অথচ হওয়ার কথা ছিল এর উল্টোটিই। 'জি' গ্রুপে জার্মানি-পর্তুগাল ম্যাচের আগে সংবাদমাধ্যমে এই লড়াইয়ের নাম হয়ে গিয়েছিল জার্মানি বনাম রোনালদো। আসলেই তাই ছিল। পর্তুগাল দলকে মনে রাখার মতো কিছু পেতে হলে তা রোনালদোকেই কিছু করতে হতো।
ক্লাব ফুটবলে সদ্য শেষ হওয়া মৌসুমটা অসাধারণ কেটেছে রোনালদোর। রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতিয়েই বিশ্বকাপে এসেছেন। আর রিয়ালকে 'লা দেসিমা' জেতানোর পথে গড়েছেন চ্যাম্পিয়ন্স লিগে এক মৌসুমে সবচেয়ে বেশি গোল করার রেকর্ড।
পর্তুগাল যে এবার বিশ্বকাপের মূলমঞ্চে এলো, তাও রোনালদোর চওড়া কাঁধে চড়েই। পর্তুগালের বিশ্বকাপের মূলমঞ্চে ওঠার ভাগ্য গিয়ে ঠেকেছিল প্লে-অফে। আর তাতে দারুণ এক হ্যাটট্রিকে জ্লাতান ইব্রাহিমোভিচের সুইডেনকে পেছনে ফেলে পর্তুগালকে ব্রাজিলের টিকেট পাইয়ে দেন রোনালদো।
মূলমঞ্চের প্রথম লড়াইয়ের দিন ফুটবল রোনালদো আর পর্তুগালকে যেন বাস্তবতার পাঠ দিল। ফন্তে নোভার এই ম্যাচে পর্তুগালের রোনালদো সত্যিকার অর্থেই একা হয়ে ছিলেন। দলের বাকিদের এলোমেলো খেলার মাঝে তিনি যেন ছিলেন বিচ্ছিন্ন।
কখনো আপন আলোয় জ্বলে উঠতে চেয়েছিলেন। তীব্র গতিতে ছাপিয়ে যেতে চেয়েছিলেন জার্মান প্রতিরোধকে। কিন্তু সদ্যই চোট কাটিয়ে ওঠা পা জোড়া পেরে ওঠেনি মুলারদের সঙ্গে। ফুটবল অনুসারীদের কাছে এই ম্যাচে তিনি অচেনা এক রোনালদো হয়েই রইলেন।
অন্তত ব্রাজিল বিশ্বকাপের প্রথম ম্যাচে 'একাকী যোদ্ধা' যুদ্ধ জয় করতে পারেননি। তবু ফুটবল বিশ্ব তার দিকে তাকিয়ে আছে। রোনালদো কী পারবেন বাকি ম্যাচগুলোতে ব্রাজিল বিশ্বকাপকে আলোর ধারায় ভাসাতে?
