রেফারিকে দুষলেন বেন্তো
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে জার্মানির কাছে প্রতিরোধহীন হারের পর রেফারির পক্ষপাতকে দায়ী করলেন পর্তুগালের কোচ পাওলো বেন্তা।
সোমবার জার্মানির কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হয় ক্রিস্তিয়ানো রোনালদোর দেশ পর্তুগাল।
পর্তুগালের কোচ মনে করেন, পেনাল্টি আর ডিফেন্ডার পেপের বহিষ্কারাদেশকে রেফারির পক্ষপাতমূলক আচরণ।
সোমবার ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বেন্তা বলেন, “(ম্যাচের) ওই দুটি ঘটনা ছিল পক্ষপাতমূলক সিদ্ধান্ত এবং দুটি সিদ্ধান্তই ছিল নির্ণায়ক।”
ম্যাচের একাদশ মিনিটে মারিও গোটজেকে ফাউল করায় পেনাল্টি পায় জার্মানি। হ্যাটট্রিক করা টমাস মুলারের সফল পেনাল্টিতে এগিয়ে যায় তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
আর মাথা গরম ডিফেন্ডার পেপে লাল কার্ড দেখেন ৩৭তম মিনিটে। দশ জনের দলে পরিণত হওয়ার পর ঘুরে দাঁড়ানোর আশা শেষ হয়ে যায় পর্তুগালের। পেপে মাঠ ছাড়ার পর বেন্তার শিষ্যদের আরো দুবার নিজেদের জাল থেকে বল কুড়িয়ে আনতে হয়।
এমনভাবে বাজেভাবে বিশ্বকাপ অভিযান শুরু হওয়ায় দলের খেলোয়াড়দেরও দায়ী করলেন বেন্তা।
“আমি বলছি না, এটা শুধু রেফারির ভুল ছিল। আমরাও ভুল করেছি, আর শুধু রক্ষণে নয়, আমাদের আক্রমণভাগের তীক্ষ্ণতায়ও।”
