ব্রাজিলকে পেরালতার হুমকি
বাছাইপর্বে প্লে-অফ খেলে চূড়ান্ত পর্বে উঠলেও ক্যামেরুনকে হারিয়ে বিশ্বকাপের শুরুটা ভালোই করেছে মেক্সিকো। জয় দিয়ে শুরুর পর তাদের আত্মবিশ্বাসও বেড়েছে বহুগুণে। তা এতটাই যে, পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে পর্যন্ত হুমকি দিলেন মিডফিল্ডার ওরিবে পেরালতা।
মঙ্গলবার ফরতালেজায় গ্রুপ পর্বের দ্বিতীয় রাউন্ডে মুখোমুখি হবে ‘এ’ গ্রুপের এই দুটি দল।
গত শুক্রবার পেরালতার একমাত্র গোলেই ক্যামেরুনকে হারায় মেক্সিকো। তবে ওই জয়ের আনন্দে আত্মহারা হতে নারাজ পেরালতা। বরং মনটাকে আরো শান্ত করে নিজেদের লক্ষ্যের দিকে আরেকধাপ এগিয়ে যেতে চায় তারা।
“(ব্রাজিলের) ওদের জীবনটাকে আমরা আরো কঠিন করে তুলবো। এই ম্যাচটা হবে খুব গুরুত্বপূর্ণ। আর এখনও এটা (ব্রাজিল) এমন একটা দল, ভালো খেললে আমরা ওদের হারাতে পারবো।”
বিশ্বকাপের মঞ্চে ব্রাজিলের বিপক্ষে মেক্সিকোর পরিসংখ্যান খুব একটা ভালো নয়, ৬৪ বছর আগে শেষবার মুখোমুখি হয়েছিল তারা। ১৯৫০ সালের ওই আসরে মেক্সিকোকে ৪-০ গোলে বিধ্বস্ত করে ব্রাজিল। ব্রাজিলের বিপক্ষে সর্বশেষ ম্যাচেও হেরেছিল মেক্সিকো। গত বছর কনফেডারেশন্স কাপে ২-০ গোলে জিতেছিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
সর্বমোট ৩৮বারের মুখোমুখি লড়াইয়ে ব্রাজিল জিতেছে ২২বার, মেক্সিকো ১০ বার আর বাকি ৬টি ম্যাচ হয়েছে ড্র।
