মুলারেরও বিশ্বকাপ
বিশ্বকাপকে নিজের আলোয় আলোকিত করলেন টমাস মুলার। দারুণ এক হ্যাটট্রিকে জার্মানির হয়ে নিজের ৫০তম ম্যাচ খেলার মাইলফলকটাকেও স্মরণীয় করে রাখলেন তিনি।
বিশ্বকাপ শুরুর আগে তার কথা তেমন করে কেউ বলেনি। লিওনেল মেসি, নেইমার আর ক্রিস্তিয়ানো রোনালদোর দ্যুতি ছড়ানোর আলোচনাতেই বেশি মগ্ন ছিল ফুটবল বিশ্ব। মুলারের দল নিয়ে কথা উঠলেও বেশিরভাগ ফুটবল পণ্ডিত আর ফুটবল পিয়াসী আলোচনা করেছেন মিরোস্লাভ ক্লোসা আর তার ব্রাজিল কিংবদন্তি রোনালদোর রেকর্ড ভাঙ্গার সম্ভাবনা নিয়ে।
তারকাপুঞ্জকে ম্লান করে ব্রাজিল বিশ্বকাপে দ্যুতি ছড়ালেন মুলার। এই বিশ্বকাপকে প্রথম হ্যাটট্রিক উপহার দিলেন তিনি। জার্মানির হয়ে ২৪ বছর বয়সী এই ফরোয়ার্ড নিজের প্রথম হ্যাটট্রিকে যেন ঘোষণা করলেন, শুধু মেসি-নেইমার-রোনালদোরাই নন; বিশ্বকাপের তারা তিনিও।
সোমবার আরেনা ফন্তে নোভায় পর্তুগালের বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে মুলারের অসাধারণ এই হ্যাটট্রিকেই ৪-০ গোলের জয় পায় জার্মানি।
রোনালদোদের জালে গোল-বন্যার সূচনা করেন মুলারই। ১২ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন তিনি।
৪৫তম মিনিটে মুলারের দ্বিতীয় গোলটি পর্তুগালের ডিফেন্ডারের ব্রুনো আলভেসের ভুলের সূত্রে পাওয়া। বিপদমুক্ত করতে গিয়ে ক্রুসের ক্রসটি মুলারের পায়ে তুলে দেন তিনি। সুযোগটি হাতছাড়া করেননি বায়ার্ন মিউনিখ তারকা।
গত বিশ্বকাপের গোল্ডেন বুট জয়ী মুলার তার হ্যাটট্রিক গোলটি করেন ৭৮ মিনিটে। এবার পর্তুগালের গোলরক্ষক সুযোগ এনে দেন তাকে। আন্দ্রে শুরলের ক্রস ঠিকভাবে ফেরাতে পারেননি পাত্রিসিও। পায়ে সাজিয়ে দেয়া বলটি সহজেই জালে পৌছে দিয়ে বিশ্বকাপে ৭ ম্যাচে নিজের গোলসংখ্যা ৮-এ নিয়ে যান মুলার।
এভাবে সুযোগ পেয়ে হ্যাটট্রিক করেছেন, মুলারকে হয়ত অনেকেই ভাগ্যবান বলবেন। কিন্তু এটাও তো সত্য ভাগ্য সাহসীদেরই সহায় হয়। দেশের হয়ে ৫০ ম্যাচে এ নিয়ে ২০ গোল করা মুলার তো আসলে সাহসীই।
সাহস তিনি জার্মানির হয়ে প্রথম বিশ্বকাপ খেলার সময়ই দেখিয়েছেন। ২০০৬ বিশ্বকাপে চোটের কারণে ছিটকে পড়া মাইকেল বালাকের ১৩ নম্বর জার্সি আর পজিশন নিয়েছেন তিনি। বিখ্যাত এই জার্সিটা ছিল বিশ্বকাপে এক সময়ের সর্বোচ্চ গোলদাতা জার্মান কিংবদন্তি জার্ড মুলারের।
এই জার্সিটাই তার ভাগ্যের দরজা খুলে দিল কিনা, কে জানে! ২০০৬ বিশ্বকাপে এই জার্সিটা গায়ে তোলার আগে কেউ তাকে সেভাবে চিনত কই? ক্লাব ফুটবলে তেমন কিছু না করেও নেহাত ভাগ্যের জোড়েই সেই বিশ্বকাপের দলে ডাক পেয়েছিলেন। এর পর তো মুলারের ক্যারিয়ার স্বপ্নের পথেই চলেছে।
