অস্কারের পায়ে 'রোমারিওর টোকা'
ব্রাজিল দলের ১১ নম্বর জার্সিটা অস্কারের। কিংবদন্তি রোমারিও ব্রাজিল দলে এই জার্সিটাই পড়তেন। শুধু জার্সিতেই নয়, আরো অনেক কিছুতেই তিনি নিজেকে রোমারিওর মতো বললেন।
অস্কার আর রোমারিওর মিল-অমিলের প্রসঙ্গটি এসেছে গত বৃহস্পতিবার ক্রোয়েশিয়ার বিপক্ষে ব্রাজিলের ম্যাচের পর। ওই ম্যাচে বুটের সামনের অংশ দিয়ে গতিময় শটে দারুণ এক গোল করেন অস্কার।
অনেকেই এই গোলটিকে রোমারিওর করা কিছু গোলের সঙ্গে তুলনা করেন। এই তুলনায় দারুণ খুশি অস্কার। গ্রুপ পর্বে মেক্সিকোর বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচের আগে তিনি নিজেও এই গোল-সম্পর্কে একই কথা বলেন।
“ব্যাপারটি ঠিক, এটা সত্যিকারের পায়ের টোকা ছিল; রোমারিও-স্টাইল!"
অস্কার ব্রাজিল দলে মধ্যে অকপটে কথা বলার লোক নন। সদ্য শেষ হওয়া ক্লাব মৌসুমে খুব একটা ভালো করতে পারেননি চেলসির এই মিডফিল্ডার। এ নিয়ে অনেক সমালোচনা হয়েছে। অনেকে তো বিশ্বকাপে ব্রাজিলের শুরুর একাদশে তার না থাকার সম্ভাবনাও দেখেছিলেন।
সমালোচনার জবাব জমিয়ে রেখেছিলেন অস্কার। ক্রোয়েশিয়ার বিপক্ষে অসাধারণ খেলার পর কম কথা বলার এই মিডফিল্ডারও আর চুপ থাকেননি।
ব্রাজিল কোচ অস্কারের ওপর কেন বিশ্বাস রেখেছেন তা প্রথম ম্যাচেই বুঝিয়ে দিয়েছেন তিনি। সমর্থকদের ভোটে জোড়া গোল করা নেইমার ম্যাচ সেরা হতে পারেন, কিন্তু বিশ্লেষণ বলছে সেই ম্যাচের সবচেয়ে কার্যকরী খেলোয়াড় ছিলেন অস্কার।
বিশ্লেষণ বলছে, ম্যাচের সবচেয়ে সৃজণশীল খেলোয়াড় ছিলেন তিনি। নিজে একটি গোল করার আগে নেইমারের করা প্রথম গোলটির উৎসে ছিলেন অস্কার। ফ্রেড যে বলটি থেকে পেনাল্টি পেয়েছিল, সেই পাসটিও তিনিই দিয়েছিলেন।
প্রতিপক্ষ খেলোয়াড়দের থেকে বল কেড়ে নেয়ার ব্যাপারেও খুব সজাগ ছিলেন অস্কার। বিশ্লেষণ বলছে, ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচে প্রতিপক্ষের সবচেয়ে বেশি পাস বিচ্ছিন্ন করেছেন তিনি।
সব মিলিয়ে অস্কারের প্রশংসায় মুখের অর্গল খুলে দিয়েছেন স্কলারি।
"ম্যাচ সেরার পুরস্কার নেইমারের অধিকারে গেছে, কিন্তু আরেকটি পুরস্কার থাকলে সে-ই (অস্কার) পেত।"
