গোল, নাকি গোল নয়!
প্রথম ম্যাচ থেকেই ব্রাজিল বিশ্বকাপের সঙ্গী গোললাইন প্রযুক্তি। তবে এই প্রযুক্তির মাধ্যমে প্রথম কোনো গোলের সিদ্ধান্ত এলো ফ্রান্স-হন্ডুরাস ম্যাচে। অবশ্য এ নিয়ে বিভ্রান্তিও দেখা দেয়।
রোববার স্তাদিও বেইরা-রিওতে হন্ডুরাসের বিপক্ষে ফ্রান্সের ৩-০ ব্যবধানে জেতা ম্যাচের দ্বিতীয় গোলটি নিশ্চিত করা হয়ে গোললাইন প্রযুক্তিতে।
ম্যাচের ৪৮তম মিনিটে ডি বক্সের মধ্যে থেকে বেনজেমার করা জোরালো শট গোলপোস্টে লেগে ফিরে আসে। তবে ফিরতি পথে বলটি হন্ডুরাসের গোলরক্ষক নোয়েল ভায়াদারেসের হাতে লেগে গোললাইন পার হয়ে যায়। মুহুর্তের মধ্যে ভায়াদারেস হাত বাড়িয়ে বল আয়ত্বে আনলেও গোললাইন প্রযুক্তির সাহায্যে রেফারি গোলের বাঁশি বাজান।
রেফারিও এটিকে গোল ঘোষণা করে। তখনই ডাগআউটে এটি নিয়ে হন্ডুরাসের কোচ লুই ফের্নান্দো সুয়ারেস ও ফ্রান্সের কোচ দিদিয়ের দেশমের মধ্যে বাক্য বিনিময় হয়।
ম্যাচ শেষে এই প্রযুক্তি নিয়ে দুজনেই তাদের বিভ্রান্তির কথা জানান।
সুয়ারেজ বিষয়টি বুঝেই উঠতে পারছেন না, "প্রযুক্তি যদি পরিষ্কার বার্তা পাঠায়, তাহলে কেন একবার 'গোল' আর আরেকবার 'গোল নয়' কিভাবে বলা হলো বুঝতে পারছি না।"
দেশমও গোললাইন প্রযুক্তির গোলের সংকেত দেয়ার পদ্ধতি নিয়ে বিভ্রান্তির মধ্যে থাকলেও এ প্রযুক্তি ব্যবহারের পক্ষে তিনি।
