আরো উন্নতির আশা মেসির
জয় দিয়ে বিশ্বকাপ শুরু করতে পারায় খুশি লিওনেল মেসি। তবে দলের আরো উন্নতি করতে হবে বলে মনে করেন বসনিয়া-হার্জেগোভিনার বিপক্ষে ম্যাচের সেরা খেলোয়াড়।
মেসির অসাধারণ এক গোলেই রোববার রিও দে জেনেইরোর মারাকানায় বসনিয়াকে ২-১ গোলে হারায় আর্জেন্টিনা।
ম্যাচের তৃতীয় মিনিটেই জিয়াদ কোলাসিনাচের আত্মঘাতী গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। তবে প্রথমার্ধে মন ভরানো ফুটবল খেলতে পারেনি মেসির দল। এ কারণেই ম্যাচ শেষে উন্নতির কথা বলেন মেসি।
"এটা গুরুত্বপূর্ণ যে, আমরা তিন পয়েন্ট নিয়ে ঠিকভাবেই টুর্নামেন্ট শুরু করেছি। কিন্তু আমাদের উন্নতি করার মতো বিষয় আছে।"
মেসি আবার এটাও মেনে নিচ্ছেন, দুশ্চিন্তা পাশে সরিয়ে রেখে বিশ্বকাপের প্রথম ম্যাচেই পুরো বিকশিত ফুটবল খেলা খেলোয়াড়দের জন্য সহজ কাজ নয়। দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনা অনেকটাই যে থিতু হয়েছে, সবাইকে মনে করিয়ে দিয়েছেন সেটাও।
