'মঞ্চ ভীতি আর মেসি জাদুর কাছে হার'
দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সঙ্গে তুলনায় বিশ্বকাপ অভিষিক্ত বসনিয়া-হার্জেগোভিনা ভালো খেলেছে বলেই দাবি করেন সাফেত সুসিচ। তবে তার দল বিশ্বকাপের মঞ্চ ভীতি আর মেসি-জাদুর কাছে হেরে গেছে বলে মনে করেন বসনিয়ার কোচ।
রোববার মারাকানা স্টেডিয়ামে বিশ্বকাপের অভিষেক ম্যাচে আর্জেন্টিনার কাছে ২-১ গোলে হারে বসনিয়া। আর্জেন্টিনার দুটি গোলের একটি ছিল বসনিয়ার ডিফেন্ডার জিয়াদ কোলাসিনাচের আত্মঘাতী। পরের গোলটি আসে মেসির জাদুকরী ফুটবলে।
বসনিয়ার সবচেয়ে বড় তারকা এদিন জেকোসহ দলের অন্যদেরও ম্যাচের শুরুর দিকে বেশ নার্ভাসই লেগেছিল। বিশ্বকাপের অভিষেক ম্যাচ খেলার ভীতিই হয়ত পেয়ে বসেছিল তাদের।
ম্যাচ শেষে সুসিচ এই বিষয়টির সঙ্গে মেসির কথাও বলেন, "মেসি অথবা তার মতো কোনো খেলোয়াড়ের বিপক্ষে খেলা কঠিন। আমি তাকে পাহারায় রাখার কথা ভেবেছিলাম। কিন্তু এটা অসম্ভব।"
মেসিকে আটকে রাখতে না পারলেও এই ম্যাচে ভালো খেলা আগামী শনিবার নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচের আগে বসনিয়াকে প্রেরণা যোগাবে বলেই মনে করেন সুসিচ।
আর্জেন্টিনার বিপক্ষে একটি গোল পাওয়ায় নকআউট পর্বে যাওয়ার পথে অনেকটাই নিজেদের এগিয়ে রাখছেন সুসিচ।
