নাইজেরিয়া-ইরান: খরা কাটানোর লড়াই
নাইজেরিয়া কিংবা ইরান যখন বিশ্বকাপে সর্বশেষ ম্যাচ জিতেছিল, ফুটবল বিশ্বের মানচিত্রটা ছিল অন্যরকম। সেই সময় বিশ্ব চ্যাম্পিয়ন ছিল ব্রাজিল, বড় আসরে ব্যর্থতায় হা-পিত্যেস করে বেড়াচ্ছিল স্পেন। এসব ১৯৯৮ বিশ্বকাপের সময়ের চিত্র। এরপর বিশ্ব ফুটবলে কতো পরিবর্তন হলো! কিন্তু বিশ্বকাপে আর ম্যাচ জেতা হয়নি ইরান কিংবা নাইজেরিয়ার।
বাংলাদেশ সময় সোমবার রাত একটায় ‘এফ’ গ্রুপের ম্যাচে পরষ্পরের মুখোমুখি হবে দল দুটি। ফুটবলের পেছনের সারির দুই মহাদেশের দল দুটি কুরিচিবায় নামবে তাই অভিন্ন লক্ষ্যে। বিশ্বমঞ্চে প্রায় ভুলতে বসা জয়ের স্বাদ আরেকবার পাওয়ার জন্য। আর দ্বিতীয় রাউন্ডে যাওয়ার আশা বাঁচিতে রাখতে হলে ইরান-নাইজেরিয়ার জন্য সেটি খুব প্রয়োজনও।
তবু নাইজেরিয়া-ইরান দুই দলের সামনেই সুযোগ থাকছে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার। ‘এফ’ গ্রুপে আর্জেন্টিনাকে গ্রুপচ্যাম্পিয়ন হিসেবে ধরে নিতে আপত্তি থাকার কথা নয় কোন দলের। কিন্তু দু’বারের চ্যাম্পিয়নদের সঙ্গী হিসেবে তো নকআউট পর্বে যাওয়ার আশা করা যায়! কেননা চতুষ্টয়ের শেষ দলটি বসনিয়া-হার্জেগোভিনার এবারই অভিষেক হয়েছে বিশ্বকাপে। দীর্ঘ জয়খরার ইতিহাস এবং নকআউট পর্বে যাওয়ার হাতছানি- দুয়ে মিলে নাইজেরিয়া ও ইরানের পরষ্পরের বিপক্ষে জয়ের জন্য ঝাঁপিয়ে পড়ার প্রেরণার তাই অভাব থাকবে না।
সেই চমকের হাত ধরে নতুন শতাব্দীতে প্রথম জয়টা পেতে চাইবে ইরান। দীর্ঘ জয়খরার ইতিহাসের পিঠে একই লক্ষ্যে মাঠে নামবে নাইজেরিয়াও।
