ছায়া থেকে আলোয় মেসি
বছরের হিসেবে প্রায় ৮ বছর, ম্যাচ সময়ের হিসেবে ৬২৩ মিনিট। রোববার বসনিয়া-হার্জেগোভিনার বিপক্ষে লিওনেল মেসির অপেক্ষার এই লম্বা প্রহর কাটল। বিশ্বকাপ অভিষেকেই গোলের পর অবশেষে সাফল্যের মুখ দেখলেন আর্জেন্টিনার অধিনায়ক।
বিশ্বকাপ অভিষেকের ১৪তম মিনিটেই গোল পেয়েছিলেন মেসি। ২০০৬ বিশ্বকাপে সার্বিয়া-মন্টেনেগ্রোর বিপক্ষে সেই ম্যাচে ম্যাক্সি রদ্রিগেসের বদলি হিসেবে ৭৪তম মিনিটে মাঠে নেমেছিলেন তিনি, ৮৮তম মিনিটে পান গোল।
মেসির সেই গোলে ভবিষ্যত এক ফুটবল তারকার আগমনী সঙ্গীতই শুনতে পেয়েছিল ফুটবল বিশ্ব। আর আর্জেন্টিনার মানুষ ছোট-খাটো গড়নের শরীরটাতে দেখেছিল মারাদোনার ছায়া। এর পর থেকেই অপেক্ষার পালা আর্জেন্টিনার মেসির। এরপর ক্লাব ফুটবলে বার্সেলোনার মেরুন-নীল জার্সি গায়ে নউ ক্যাম্পের সবুজে সুন্দর ফুটবলের ফুল ফোটালেও আর্জেন্টিনার আকাশী-সাদায় শুভ্রতা ছড়াতে পারেননি তিনি।
বিখ্যাত মারাকানায় মেসি অবশ্য প্রথমার্ধে একটু নিষ্প্রভই ছিলেন। অনেকেই তখন ভাবতে শুরু করেছে, আর্জেন্টিনার জন্য বিশ্বকাপের আরো একটা ম্যাচের নাম হয়ত হতে যাচ্ছে 'মেসি-হতাশা"। এই ভাবনা পাল্টে গেল দ্বিতীয়ার্ধে। ম্যাচের বয়স তখন ৬৫ মিনিট। গনসালো হিগুয়াইনের সঙ্গে একবার বল দেয়া নেয়া করেই মেসির 'ট্রেডমার্ক' হয়ে যাওয়া আড়াআড়ি দৌড় বসনিয়ার রক্ষণে চিড় ধরালো। পায়ের জাদুতে বসনিয়ার দুজন ডিফেন্ডারকে ফাঁকি দিয়েই বাঁ পাঁয়ের সেই দারুণ শট।
আর্জেন্টিনার সমর্থকরা এতে থেমেছে। কিন্তু মেসিকে কি থামাতে পারবে তার বিশ্বকাপ প্রতিপক্ষরা?
