দ্রগবার জাদুর স্পর্শ
পিছিয়ে পড়ে জাপানকে হারিয়েছে কোত দি ভোয়ার (আইভরি কোস্ট)। আর এই জয়ের জন্য দিদিয়ের দ্রগবার উপস্থিতিকেই কৃতিত্ব দিচ্ছেন কোচ।
শনিবার রেসিফির আরেনা পের্নামবুকোয় ১৫তম মিনিটে জাপানের মিডফিল্ডার কেইসুকে হোন্ডার দুর্দান্ত গোলে পিছিয়ে পড়ে কোত দি ভোয়া। গোল হজমের পর একের পর এক আক্রমণেও গোল পাচ্ছিল না আফ্রিকার দেশটি।
৬১তম মিনিটে তারকা স্ট্রাইকার দ্রগবাকে মাঠে নামান কোচ সাবরি লামুশি। দ্রগবার ছোঁয়াতেই যেন সাফল্যের দুয়ার খুলে যায় কোত দি ভোয়ার।
২ মিনিটের ব্যবধানে দুই গোল করে ম্যাচে এগিয়ে যায় তারা। দুই ফরোয়ার্ড উইলফ্রেদ বোনি ও জার্ভিনিয়োর গোলে দ্রগবার কোনো অবদান ছিল না; কিন্তু লামুশির বিশ্বাস, দ্রগবা মাঠে নামাতেই চিত্রপট পাল্টে যায়।
“শুরুর একাদশেই হোক কিংবা বদলি, দ্রগবার মতো একজন খেলোয়াড় থাকাটাই পুরো দলের জন্য ভালো একটা প্রভাব ফেলে।”
তবে ম্যাচের শুরু থেকে খেলতে না পেরে দ্রগবা যে হতাশ ছিলেন, তা ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে জানান কোচ। সঙ্গে লামুশি এটাও বলেন, “ম্যাচ শেষে আপনারা তার মুখে আনন্দ দেখেছেন- তাকে আমাদের প্রয়োজন এবং এই টুর্নামেন্ট শেষ হওয়ার আগ পর্যন্ত সবাইকেই আমাদের দরকার।”
কয়েক মাস আগে ক্লাব গালাতাসারাইয়ের হয়ে শেষবারের মতো প্রতিযোগিতামূলক ফুটবলে পুরো ৯০ মিনিট খেলেছিলেন দ্রগবা। তারপর থেকেই চোটের সঙ্গে নিয়মিত লড়াই করতে হচ্ছে ৩৬ বছর বয়সী চেলসির সাবেক এই খেলোয়াড়কে।
