ব্যাক ফুটে ইংল্যান্ড: হজসন
ইতালির কাছে হারটি ইংল্যান্ডকে 'ব্যাক ফুটে' ঠেলে দিয়েছে বলে মনে করেন রয় হজসন। তবে এখনো নকআউট পর্বে ওঠা নিয়ে আত্মবিশ্বাসী ইংল্যান্ডের কোচ।
শনিবার মানাউসে আক্রমণাত্মক ফুটবল খেলে ইংল্যান্ড। তবে দারুণ গতিময় ফুটবল খেলেও ২-১ গোলে হেরে মাঠ ছাড়তে হয় তাদের।
এর জন্য অবশ্য ইংল্যান্ডের রক্ষণই দায়ী। ডি বক্সের বাইরে হঠাৎই পাহারাহীন হয়ে পড়েন ক্লাওদিও মার্কিসিও। এর সুযোগ নিয়ে দারুণ এক গোল করে ইতালিকে এগিয়ে দেন তিনি।
স্টারিজ ইংল্যান্ডকে সমতায় ফেরালেও রক্ষণের আরেকটি ভুলে আবার এগিয়ে যায় ইতালি। গ্যারি কাহিলকে ফাঁকি দিয়ে দারুণ এক হেডে ইতালির জয়সূচক গোলটি করেন মারিও বালোতেল্লি।
"ইতালি সেরা শুরুটা করেছে, কোস্টা রিকাও তাই। উরুগুয়ে আর আমরা 'ব্যাক ফুটে' আছি।"
ইংল্যান্ডের পরের দুটি ম্যাচ উরুগুয়ে ও কোস্টা রিকার বিপক্ষে। এই ম্যাচ দুটি জিতলেই নকআউট পর্ব নিশ্চিত হওয়ার সম্ভাবনা থাকবে তাদের। এখন পর্যন্ত পরের রাউন্ডে যাওয়ার হিসেবটা নিজেদের হাতে আছে বলে খুশি হজসন।
ইতালির কাছে হেরে যাওয়ার বৃত্তে পড়ে থাকতে চান না তিনি।
