২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইতিহাস বদলানোর চ্যালেঞ্জ ফ্রান্সের

একটি দল বিশ্বকাপ ফাইনালে খেলেছে দু’বার। যার একটিতে চ্যাম্পিয়ন, অন্যটিতে রানার্সআপ। অন্য দল বিশ্বকাপের চূড়ান্ত পর্বেই উঠেছে মোটে দু’বার। যার একটিতে আবার তিন ম্যাচ খেলে কোনো গোল করতে পারেনি। ফ্রান্স-হন্ডুরাস দ্বৈরথে ফেভারিট যে কারা, সেটি তাই বলার অপেক্ষা রাখে না। সোমবার বাংলাদেশ সময় রাত একটায় পোর্তো আলেগ্রেতে ‘ই’ গ্রুপের এই ম্যাচে স্বাভাবিক কারণেই জয় ছাড়া অন্য কিছু ভাবছে না ফরাসিরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2014, 02:54 PM

Updated : 13 Oct 2022, 12:13 PM

আর তাদের জন্য সেটি ভীষণ প্রয়োজনও। ২০১০-এর লজ্জাজনক-কাণ্ডে সাফল্যের প্রলেপ দিতে হবে যে! চ্যাম্পিয়ন হিসেবে খেলতে এসে ২০০২ আসরে প্রথম রাউন্ডে ঝরে পড়েছিল ফ্রান্স। তবে রানার্সআপ হিসেবে এসে ২০১০ আসরে যা করেছে, সেটি ছিল চরম বিব্রতকর। প্রথম রাউন্ডেই কেবল শেষ হয়নি বিশ্বকাপ অভিযানের, কোচ-খেলোয়াড় দ্বন্দ্বে সেটি পেয়েছিল ভিন্ন এক মাত্রা। শৃঙ্খলাভঙ্গের দায়ে কোচ ডমেনেখের সিদ্ধান্তে নিকোলাস আনেলকাকে দেশে পাঠিয়ে দেওয়া, প্রতিবাদে ফরাসি ফুটবলারদের অনুশীলন বর্জন- এসব মিলিয়ে মাঠের ফলের চেয়ে মাঠের বাইরের লজ্জাটাই বেশি হয়ে ছিল ফ্রান্সের জন্য।

এবারের কোচ দিদিয়ে দেশম তাই ভীষণ সতর্ক। ঝামেলা পাকাতে পারেন ভেবে সামির নাসরির মতো ফর্মের তুঙ্গে থাকা প্লে-মেকারকে দলেই নেননি। ১৯৯৮-র শিরোপাজয়ী অধিনায়ক কোচ হয়ে আসার পর অন্তত দলে গৃহদাহ না হওয়ার নিশ্চয়তা দিচ্ছেন। আর ফরাসি শিবির যখন সুখী পরিবার হয়ে থাকে, তখন সেটি প্রতিপক্ষের জন্য সতর্ক সংকেত তো বটেই! প্রথম প্রতিপক্ষ হন্ডুরাস। ধারে-ভারে, ইতিহাস-ঐতিহ্যে ফ্রান্সের সঙ্গে তুলনীয় নয় একেবারেই। তাই বলে মাঠে নামার আগে হেরে বসে নেই তারা। বরং ফুটবলের পাতায় ‘অঘটন’ বলে যে শব্দটি আছে, তাতে আস্থা রেখে মাঠে নামবে মধ্য আমেরিকার দলটি। বিশ্বকাপ প্রস্তুতিতে গেল সপ্তাহে আরেক পরাশক্তি ইংল্যান্ডের সঙ্গে ড্র করে নিজেদের সামর্থ্যের জানান দিয়েছে হন্ডুরাস। ইংল্যান্ডকে রুখে দিতে পারলে ফ্রান্সকে নয় কেন- এই অনুপ্রেরণায় উজ্জীবিত হয়েই মাঠে নামবেন তারা।

এমনিতে এবার ফ্রান্সকে নিয়ে খুব একটা আশার ফুলকি জ্বলছে না। সেটি আরো টিমটিমে হয়ে গেছে ফ্রাঙ্ক রিবেরির কারণে। চোটের কবলে পড়ে দলের সেরা এই খেলোয়াড়কে যে বিশ্বকাপ থেকে ছিটকে পড়তে হয়েছে। তারপরও ১৯৯৮ সালের চ্যাম্পিয়নদের স্কোয়াডে তারকার অভাব নেই। গোলবারের নীচে উগো লরি বিশ্বমানের। রক্ষণভাগে রাফায়েল ভারানের খেলার প্রতিশ্রুতি আছে বিশ্বসেরাদের কাতারে পৌঁছানো। মাঝমাঠে পল পগবারও যেমন। আর ফরোয়ার্ড লাইনে করিম বেনজেমা রিয়াল মাদ্রিদের হয়ে কাটিয়ে এসেছে দারুণ এক মৌসুম। সমস্যাটা হল, ক্লাবের হয়ে দুরন্ত ফ্রান্সের সিংহভাগ খেলোয়াড় জাতীয় দলে বিবর্ণ। কোচ দেশম যদি প্রেরণার মন্ত্রে তাদের উজ্জীবিত করতে পারেন, তাহলে বিশ্বকাপে আলো ছড়ানোর সামর্থ্য আছে দলটির। অন্তত হন্ডুরাস, সুইজারল্যান্ড, ইকুয়েডরের ‘ই’ গ্রুপ থেকে দ্বিতীয় রাউন্ডে যেতে কোন সমস্যা হওয়ার কথা না।

তবে ‘ঘরপোড়া গরু’ ফ্রান্স এখনই অত দূর ভাবতে নারাজ। বরং হন্ডুরাসের বিপক্ষে জয় দিয়ে ভালোভাবে বিশ্বকাপ অভিযান শুরু করাই আপাত লক্ষ্য। সেই লক্ষ্য অর্জনে ইতিহাসের বড় এক বাধা কিন্তু আছে। ১৯৯৮ সালে বিশ্বকাপ জয়ের পরের তিন আসরের প্রথম ম্যাচে জিততে পারেনি তারা। জিতবে কী, কোনো গোলই তো পারেনি করতে!

সেই ইতিহাস বদলে দেওয়ার চ্যালেঞ্জে মাঠে নামবেন বেনজেমা-পগবা-জিরুদরা।