২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আর্জেন্টিনার সঙ্গে মিশন মেসিরও

শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ অভিযান। শুধু কী তাই, শুরু হচ্ছে আসলে লিওনেল মেসির সংশয়াতীত শ্রেষ্ঠত্বে উত্তরণের মিশন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2014, 02:12 PM

Updated : 13 Oct 2022, 12:13 PM

বাংলাদেশ সময় সোমবার ভোর চারটায় রিও দে জেনেইরোর মারাকানা স্টেডিয়ামে বসনিয়া-হার্জেগোভিনার বিপক্ষে সেই ম্যাচ। দুই বিশ্বকাপ মিলিয়ে মাত্র এক গোল করা লিওনেল মেসিও কি আগের আট ম্যাচের কীর্তিকে এই ম্যাচে ছাড়িয়ে যেতে পারবেন কি?

আগের বিশ্বকাপের আগেও এই খুদে জাদুকরের সামনে ছিল অভিন্ন লক্ষ্য। তাতে কী নিদারুণ ব্যর্থই না হয়েছিলেন তিনি! দিয়েগো মারাদোনার নবিশ কোচিং, নিজে পরিণত না হওয়া, সতীর্থদের সমর্থন না পাওয়া আর দুর্ভাগ্য- ইত্যাদি নানা ঢালে সেবার আড়াল করার চেষ্টা ছিল মেসিকে। ২০০৬ বিশ্বকাপে তিন ম্যাচে এক গোল করা এই মহানায়ক ২০১০-এ পাঁচ ম্যাচ খেলেও যে করতে পারেননি কোনো গোল! চার বছর আগের পুনরাবৃত্তিতে মেসির সামনে এবার কোন ঢালেই আর কাজ হবে না। হয় সফল নয় ব্যর্থ- আর্জেন্টিনার জাদুকরকে ঘিরে এর বাইরে অন্য কোনো অনুসিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ থাকছে না ব্রাজিলে।

আবহ কিন্তু গতবারের মতো আশা জাগানিয়া নয়। অমন ফর্মের চূড়ায় নেই তিনি। বরং চোটে ক্ষত-বিক্ষত এক মৌসুম কেটেছে মেসির। তবে এই হতাশার অন্ধকারে চাইলে আবার আশার আলোটা খুঁজে নেওয়া যায় ভিন্নভাবে। প্রত্যাশা আকাশচুম্বী নয় বলেই তো জ্বলে ওঠার সুযোগটা আরো ভালোভাবে থাকছে তার! চোটের কারণে ক্লাবের হয়ে মাঠে সেভাবে থাকতে পারেননি বলেই না বিশ্রামে থাকা মেসির শরীর প্রস্তুত অন্য যে কোন সময়ে চেয়ে! তার বিশ্বকাপ-পথচলার ভেজা বারুদে আগুন জ্বালাতে এসব হয়ে উঠতে পারে প্রভাবক। আর মেসি-বিস্ফোরণ হলে আর্জেন্টিনাকে ঠেকানো যে বসনিয়া-হার্জেগোভিনার সাধ্যাতীত, সেটি বুঝতে ফুটবল বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই।

আর্জেন্টিনা মেসিরই দল, তবে ১৯৮৬ সালে দিয়েগো মারাদোনার যেভাবে ছিল, সেভাবে নয়। এবারের ‘আলবিসেলেস্তে’ দলে মেসিকে সাহায্য করার জন্য আছেন গোনসালো হিগুয়াইন, আনহেল দি মারিয়া, সের্হিয়ো আগুয়েরোরা। এই চতুষ্টয়ে তৈরি ‘দ্য ফ্যান্টাস্টিক ফোর’, সন্দেহাতীতভাবে ব্রাজিল বিশ্বকাপের সবচেয়ে ঝাঁঝালো আক্রমণভাগ। কিন্তু আর্জেন্টিনার রক্ষণভাগটা যে বড্ড নড়বড়ে! গোলরক্ষক সের্হিয়ো রোমেরো ক্লাবের একাদশে নিয়মিত নন। ডিফেন্সের চারজনের মধ্যে কেবল রাইট ব্যাক পাবলো সাবালেতার উপরেই যা আস্থা রাখা যায়! তাই শুধু এই রক্ষণ দিয়ে ম্যাচ জেতার আশা আর্জেন্টিনাও করছে না, বরং এক গোল খেলে দুই গোল দেওয়ার দর্শনে এগোবে তাদের বিশ্বকাপ অভিযান। ‘এফ’ গ্রুপে বসনিয়া-হার্জেগোভিনার বিপক্ষে ম্যাচে যার প্রথম পরীক্ষা।

বিশ্বকাপের গ্রুপপর্বে সর্বশেষ ১২ ম্যাচের মধ্যে ৯টি জেতা আর্জেন্টিনার জন্য পরীক্ষাটি খুব কঠিন হওয়ার কথা না। কিন্তু বিশ্বকাপে ইউরোপের প্রতিপক্ষের বিপক্ষে সর্বশেষ ৯ ম্যাচে মাত্র দুই জয়ের রেকর্ড তাদের তখন খুব স্বস্তিতেও থাকবে না তারা। আর এই বসনিয়া-হার্জেগোভিনা তো এলেবেলে দল নয়। বাছাইপর্বে নিজেদের গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে। দলের দুই প্রান্তে আছেন বিশ্বমানের দুজন। নিজেদের গোলবারের নীচে আসমির বেগোভিচ এবং প্রতিপক্ষের বারপোস্টের সামনে ফরোয়ার্ড এদিন জেকো। গত আসরের প্রথম ম্যাচে নাইজেরিয়ার ভিক্তর এনিয়েমার অতিমানবীয় সব সেভে গোল পাওয়া হয়নি মেসির। তাকে একই হতাশায় পোড়ানোর সামর্থ্য আছে বেগোভিচের। আর জেকোর গোল করার দক্ষতাও প্রশ্নাতীত। বিশেষত আর্জেন্টাইন ডিফেন্স যখন উঁচু বল সামলানোয় অদক্ষ, আর সেটিই আবার দীর্ঘদেহী এই ফরোয়ার্ডের শক্তির জায়গা! কাগজ-কলমে ম্যাচটি তাই আর্জেন্টিনার জন্য যতটা সহজ হবে বলে মনে হচ্ছে, মাঠের লড়াইয়ে সেটি নাও হতে পারে। আর প্রতিবেশী উরুগুয়ে প্রথম ম্যাচে কোস্টা রিকার কাছে প্রথম ম্যাচে হেরে যাওয়ার পর নিশ্চয় প্রতিপক্ষকে হালকাভাবে নেওয়ার ভুল আর করবে না আলেহান্দ্রো সাবেইয়ার দল।

তারপরও এই ম্যাচে বিশ্বকাপে অভিষিক্তদের বিপক্ষে দু’বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনার জয় না পাওয়াটা হবে বড় অঘটন। দুই দলের মুখোমুখি আগের দুই লড়াইয়েও জয় তাদের। এর মধ্যে সর্বশেষটি বেশি দিন আগে নয়। গত নভেম্বরে মেসিহীন আর্জেন্টিনা প্রীতি ম্যাচে আগুয়েরোর জোড়া গোলে ২-০ ব্যবধানে হারিয়েছিল বসনিয়া-হার্জেগোভিনাকে।

মারাকানায় ওই অভিন্ন জয়ের প্রত্যাশায় নামবে আর্জেন্টিনা ও মেসি। আর মনের গোপন গহীনে থাকবে এই স্টেডিয়ামে আবার ফেরার প্রত্যাশা। ১৩ জুলাই, বিশ্বকাপ ফাইনালের জন্য!