২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইতিহাসই গড়লো কোস্টা রিকা

তিন সাবেক চ্যাম্পিয়নের সঙ্গে ‘ডি’ গ্রুপের মৃত্যুকূপে পড়েও ইতিহাস গড়ার ঘোষণা দিয়েছিলেন কোস্টা রিকার অধিনায়ক ব্রায়ান রুইস। সেটা যে শুধুই কথার কথা ছিল না, উরুগুয়েকে হারিয়ে তারই প্রমাণ দিয়েছে দলটি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2014, 05:53 AM

Updated : 13 Oct 2022, 12:13 PM

শনিবার ফরতালেজার স্তাদিও কাস্তেলাওয়ে পিছিয়ে পড়েও লুইস সুয়ারেসবিহীন উরুগুয়েকে ৩-১ গোলে হারিয়ে দুর্দান্তভাবে বিশ্বকাপে তাদের পথচলা শুরু করেছে মধ্য আমেরিকার দেশ কোস্টা রিকা। ব্রাজিল বিশ্বকাপে এটিই প্রথম অঘটন।

অবিশ্বাস্য এই সাফল্যে দারুণ খুশি দলটির কোচ হোর্হে লুই পিন্তো। উরুগুয়ে শুরুতে এগিয়ে যাওয়ার পরও খেলোয়াড়েরা নিজেদের মাথা ঠিক রেখে, শান্ত মেজাজে খেলা চালিয়ে যাওয়ায় পুরো দলকে শুভেচ্ছা জানিয়ে লুই পিন্তো বলেন, “আমাদের জন্য এটা গুরুত্বপূর্ণ একটা জয় এবং এটা আমাদের আশা দিয়েছে যদিও এখন পর্যন্ত আমরা কিছুই জিতিনি।”

আগামী শুক্রবার রেসিফিতে ইতালির বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে ১৯৯০ সালের বিশ্বকাপে  নিজেদের অভিষেক আসরেই নকআউট পর্বে ওঠা কোস্টা রিকা। ২৪ জুন বেলো হরিজন্তেতে ইংল্যান্ডের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচ খেলবে কোস্টা রিকা।

প্রথম ম্যাচেই হোঁচট খেয়ে দ্বিতীয় রাউন্ডে ওঠার লক্ষ্যটা অনেক কঠিন হয়ে পড়েছে সাবেক চ্যাম্পিয়ন উরুগুয়ের। তবে এই হতাশা ভুলে ইংল্যান্ডের বিপক্ষে পরের ম্যাচে ঘুরে দাঁড়াতে চান কোচ অস্কার তাবারেস।

আগামী বৃহস্পতিবার সাও পাওলোয় ১৯৬৬ সালের বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের মুখোমুখি হবে দুইবারের চ্যাম্পিয়ন উরুগুয়ে।