২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কলম্বিয়ার প্রশংসায় গ্রিসের কোচ

কলম্বিয়ার কাছে ৩-০ গোলে হেরে বিশ্বকাপটা বাজেভাবে শুরু হওয়ায় স্বাভাবিকভাবেই হতাশ গ্রিস। তবে দলটির কোচ ফের্নান্দো সান্তোস প্রতিপক্ষের প্রশংসা করতে ভোলেননি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2014, 04:46 AM

Updated : 13 Oct 2022, 12:13 PM

ম্যাচ শেষে প্রতিপক্ষকে শুভেচ্ছা জানিয়ে এই পর্তুগিজ কোচ বলেন, “এই ধরণের ম্যাচের শেষে প্রতিপক্ষকে আমাদের শুভেচ্ছা জানাতে হয় কারণ (ম্যাচে) তারাই যোগ্যতর দল ছিল।”

বাছাইপর্বের ১০ ম্যাচে মাত্র চারবার গোল হজম করে দুর্ভেদ্য রক্ষণের জন্য সুপরিচিত হয়ে ওঠে গ্রিস দলটি। কিন্তু শনিবার বেলো হরিজন্তের স্তাদিও মিনেইরাওয়ে তাদের সেই শক্তিশালী রক্ষণকেই বড় সাধারণ মানে নামিয়ে আনে কলম্বিয়ার আক্রমণভাগ।

চোটের কারণে কলম্বিয়ার বিশ্বকাপ দলে নেই তারকা স্ট্রাইকার রাদামেল ফালকাও। তারপরও আক্রমণে আক্রমণে গ্রিকদের পর্যদুস্ত করে তোলে তারা।

প্রতিপক্ষের মতো অতটা আক্রমণাত্মক না হতে পারলেও কয়েকটা সুযোগ অবশ্য পেয়েছিল গ্রিসও। উল্লেখযোগ্য তিনটি সুযোগ পায় তারা, কিন্তু সাফল্যের দেখা মেলেনি। সেগুলোর কথা উল্লেখ করে কোচ সান্তোস জানান, একটি গোল তারা পেতেও পারতেন।  

গ্রিসকে সহজেই হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করতে পেরে দারুণ খুশি কলম্বিয়ার কোচ জোসে পেকারমান।

“পুরো কলম্বিয়ার জন্য এটা চমৎকার একটা ফল। (প্রতিযোগিতার) এখন পর্যন্ত কিছুই ঠিক হয়নি, কিন্তু আমরা আজকে আমাদের কাজ ঠিক মতোই করেছি।”

আগামী বৃহস্পতিবার কোত দি ভোয়ার (আইভরি কোস্ট) বিপক্ষে গ্রুপের দ্বিতীয় ম্যাচ খেলবে কলম্বিয়া। ওই দিনেই জাপানের মুখোমুখি হবে গ্রিস।