২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বোকাদের কথা না শুনতে মেসিকে পরামর্শ মারাদোনার

জাতীয় দলের হয়ে লিওনেল মেসির বড় কোনো সাফল্য না থাকলেও ব্রাজিল বিশ্বকাপে তাকে ঘিরে প্রত্যাশার জাল বোনা কিন্তু থেমে নেই। অনেকে আবার সাম্প্রতিক পারফরম্যান্সের বিচারে মেসির সমালোচনাও করছে। তবে মেসিকে ওসব 'বোকা' লোকের কোনো কথাকে পাত্তা না দেয়ার পরামর্শ দিলেন আর্জেন্টিনার ফুটবল কিংবদন্তি দিয়েগো মারাদোনা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2014, 03:48 AM

Updated : 13 Oct 2022, 12:13 PM

গত মৌসুমে কোনো শিরোপা জিততে পারেনি মেসির ক্লাব বার্সেলোনা। ভক্তদের জন্য সেটা হতাশার হলেও তার মধ্য থেকেই আশার আলো দেখছেন মারাদোনা।

চোটের কারণে গত মৌসুমে অনেকটা সময় মাঠের বাইরে থাকাটাকেই মেসির জন্য ভালো হয়েছে বলে মনে করেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী তারকা মারাদোনা।

মেসির উদ্দেশে বুয়েনস আইরেসের পত্রিকা ওলেকে মারাদোনা বলেন, “সত্যিই এখন মেসির সঙ্গে আমার কথা বলতে ইচ্ছে করছে, আর ওইসব বোকাদের কথা না শুনে সব কিছুকে সহজভাবে নেয়ার কথা তাকে বলতে ইচ্ছে করছে।”

আর্জেন্টিনার শেষ বিশ্বকাপ জয়ের পর পেরিয়ে গেছে ২৮টি বছর, ছয়টি আসর। ১৯৯০ সালে ফাইনালে হারের পর তাদের সর্বোচ্চ সাফল্য কোয়ার্টার-ফাইনাল। প্রতিবারের মতো এবারও তাই শেষ আটের ফাঁড়া কাটিয়ে সামনে এগিয়ে যাওয়ার স্বপ্ন আর্জেন্টিনার। চূড়ান্ত লক্ষ্য তৃতীয় বিশ্বকাপ শিরোপা।  

রোববার বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু করার সময় আর্জেন্টিনার মনে নিশ্চয় থাকবে আগামী ১৩ জুলাই আবারো এখানে ফিরে আসার।

ওই দিন রিও দে জেনেইরোর এই মাঠেই হবে বিশ্বকাপের ফাইনাল।

চার বছর আগে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে মেসিদের কোচ ছিলেন মারাদোনা। সেবার কোয়ার্টার-ফাইনাল থেকে ছিটকে পড়ে তারা। তবে গতবারের চেয়ে এবার বেশি আশাবাদী মারাদোনা।

কারণ তার মতে, গতবারের চেয়ে আর্জেন্টিনার এই দলটির আক্রমণভাগ আরো শক্তিশালী। তবে রক্ষণ নিয়ে কিছুটা চিন্তিত তিনি।