২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অঘটন ঘটিয়ে উরুগুয়েকে হারাল কোস্টা রিকা

ব্রাজিল বিশ্বকাপে প্রথম অঘটনটির জন্ম দিল কোস্টা রিকা। পিছিয়ে পড়েও লুইস সুয়ারেসবিহীন উরুগুয়েকে ৩-১ গোলে হারিয়েছে মধ্য আমেরিকার দেশটি। মৃত্যুকূপ 'ডি' গ্রুপে হারের এই ধাক্কায় দ্বিতীয় রাউন্ডে যাওয়ার পথ ভীষণ কঠিন হয়ে গেল দুইবারের চ্যাম্পিয়নদের।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2014, 03:02 AM

Updated : 13 Oct 2022, 12:13 PM

দ্বিতীয়ার্ধে কোস্টা রিকার পক্ষে একটি করে গোল করেন হোয়েল ক্যাম্পবেল, অস্কার দুরাতে ও মার্কো উরেনা। প্রধমার্ধে পেনাল্টি থেকে উরুগুয়েকে এগিয়ে নিয়েছিলেন এদিনসন কাভানি।

শনিবার ফরতালেজার স্তাদিও কাস্তেলাওয়ে ম্যাচের ১২তম মিনিটে প্রথম সুযোগটি পেয়েছিল কোস্টা রিকাই। ডিফেন্ডার দিয়েগো গদিনকে ফাঁকি দিয়ে বিপজ্জনক জায়গা থেকে হেড করলেও বল লক্ষ্যে রখতে পারেননি ব্রায়ান রুইস।

চার মিনিট পর গোল পেয়েছিল উরুগুয়ে। তবে গোলদাতা গদিন অফসাইডে থাকায় গোলটি বাতিল হয়ে যায়।

২২তম মিনিটে কোস্টা রিকার ডিফেন্ডার জুনিয়র দিয়াস ডি বক্সে দিয়েগো লুগানোকে জড়িয়ে ধরলে তিনি পড়ে যান। পেনাল্টির নির্দেশ দেন রেফারি, যা থেকে গোল করে দলকে এগিয়ে নেন কাভানি।

পিছিয়ে পড়ার পর আক্রমণাত্মক হয়ে উঠে কোস্টা রিকা। ২৭তম মিনিটে ক্যাম্পবেলের দূর পাল্লার শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ৪৪তম মিনিটে জিয়ানকার্লো গনসালেস বলে টোকা লাগাতে না পারায় আরেক বার বেঁচে যায় উরুগুয়ে।

কিছুক্ষণ পর কেইলর নাভাসের নৈপুণ্যে বেঁচে যায় কোস্টা রিকা। দিয়েগো ফোরলানের জোরালো শট কোস্টা রিকার এক খেলোয়াড়ের পায়ে লেগে জালের দিকে চলে যাচ্ছিল। পিছিয়ে গিয়ে ঝাঁপিয়ে পড়ে কোনো মতে কর্নারের বিনিময়ে রক্ষা করেন লেভান্তের গোলরক্ষক নাভাস।

দ্বিতীয়ার্ধে শুরু থেকেই উরুগুয়ের ওপর প্রচণ্ড চাপ তৈরি করে কোস্টা রিকা। ৫০তম মিনিটে দুরাতের দারুণ একটি চেষ্টা ব্যর্থ করে দেন মুসলেরা।

৫৪তম মিনিটে আর পারেননি মুসলেরা। বিপজ্জনক জায়গায় বল পেয়ে ঠাণ্ডা মাথায় উরুগুয়ের জাল খুঁজে নেন ক্যাম্পবেল। তার বুলেট গতির শট ফেরানোর কোনো সুযোগই ছিল না উরুগুয়ের গোলরক্ষকের। তিন মিনিট পর এগিয়ে যায় কোস্টা রিকা। সঙ্গে লেগে থাকা ডিফেন্ডারকে গতিতে হারিয়ে নুয়ে পড়া হেডে বল জালে জড়ান দুরাতে। এটি তার প্রথম আন্তর্জাতিক গোল।

৬৪তম মিনিটে ব্যবধান আরো বাড়ানো সুযোগ পেয়েছিল কোস্টা রিকা। কিন্তু ক্যাম্পবেলের শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হলে বেঁচে যায় উরুগুয়ে।

পিছিয়ে পড়ার পর আবার কোস্টা রিকার রক্ষণভাগে প্রচণ্ড চাপ তৈরি করে উরুগুয়ে। তবে কাজ হয়নি বরং ৮৪তম মিনিটে উরেনার গোলে আরো পিছিয়ে পড়ে দুইবারের চ্যাম্পিয়নরা।

বদলি হিসেবে নামা উরেনা প্রথম স্পর্শে গোল করে কোস্টা রিকার জয় নিশ্চিত করেন। তাকে ডিফেন্স চেরা দুর্দান্ত পাসটি দেন ক্যাম্পবেল।

শেষ মিনিটে ধৈর্য্য হারিয়ে ম্যাচ সেরা ক্যাম্পবেলকে লাথি মেরে সরাসরি লালকার্ড দেখে মাঠ ছাড়েন উরুগুয়ের ম্যাক্সিমিলিয়ানো পেরেইরা।

২০০৬ সালের গ্রুপ পর্বের সব ম্যাচেই হারা কোস্টা রিকার শুরুটা হল দারুণ। আর এক যুগ আগে বিশ্বকাপে সর্বশেষ জয়টি পেয়েছিল তারা।

দ্বিতীয়ার্ধের এক সময়ে ওয়ার্মআপ শুরু করেছিলেন উরুগুয়ের স্ট্রাইকার লুইস সুয়ারেস। কিন্তু শেষ পর্যন্ত আর মাঠে নামেননি লিভারপুলের এই তারকা।

গ্রুপ ডি:

দেশ

ম্যাচ

জয়

ড্র

হার

পক্ষে গোল

বিপক্ষে গোল

গোল পার্থক্য

পয়েন্ট

 কোস্টা রিকা

১

১

০

০

৩

১

+২

৩

 ইংল্যান্ড

০

০

০

০

০

০

০

০

 ইতালি

০

০

০

০

০

০

০

০

উরুগুয়ে

০

০

০

০

১

৩

-২

০