প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল
মেক্সিকোর বিপক্ষে ম্যাচের আগে নিজেদের আরেকটু শানিয়ে নেয়ার প্রয়োজন মনে করেছে ব্রাজিল। এ কারণেই হয়ত মঙ্গলবারের ম্যাচের আগে রিও দে জেনেইরোর ক্লাব ফ্লুমিনেসের অনূর্ধ্ব-২০ দলের সঙ্গে প্রীতি ম্যাচ খেলল লুইস ফেলিপে স্কলারির দল।
এই ম্যাচটি বেঞ্চের খেলোয়াড়দের জন্য শুরুর একাদশে জায়গা করে নেয়ার একটা সুযোগ ছিল। সেই সুযোগটা ভালোভাবেই কাজে লাগালেন ক্রোয়েশিয়ার বিপক্ষে উদ্বোধনী ম্যাচের শুরুর একাদশে না থাকা রামিরেস, এরনানেস ও উইলিয়ান। এই তিনজনের গোলেই ফ্লুমিনেসের সঙ্গে প্রীতি ম্যাচটি ৩-০ গোলে জিতেছে ব্রাজিল জাতীয় দল।
ব্রাজিল জাতীয় দলের এই প্রীতি ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে শুরুর একাদশে খেলা একমাত্র পাওলিনিয়োই ছিলেন।
বৃহস্পতিবার ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচটি ৩-১ গোলে জেতে ব্রাজিল। আর শুক্রবার মেক্সিকো তাদের প্রথম গ্রুপ ম্যাচে ক্যামেরুনকে ১-০ গোলে হারায়।
