প্রতারণার অভিযোগ অস্বীকার ফ্রেডের
ক্রোয়েশিয়ার বিপক্ষে পেনাল্টি আদায় করতে ইচ্ছে করে পড়ে যাওয়ার অভিযোগ অস্বীকার করেছেন ব্রাজিলের স্ট্রাইকার ফ্রেড।
বৃহস্পতিবার ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচে পেনাল্টি বক্সের মধ্যে বল পেয়েছিলেন ফ্রেড। বল নিয়ন্ত্রণ করতে না পেরে লোভের্নের হালকা ধাক্কায় পড়ে যান ব্রাজিলের এই ফরোয়ার্ড।
রেফারি ইয়ুইচি নিশিমুরা লোভের্নকে হলুদ কার্ড দেখান। পেনাল্টি পায় ব্রাজিল, যা থেকে নেইমার দলকে এগিয়ে দেন ২-১ গোলে।
এই পেনাল্টি মেনে নিতে পারেননি ক্রোয়েশিয়ার কোচ নিকো কোভাচ। ম্যাচ শেষে রেফারির সমালোচনা করেন তিনি। অনেকে আবার ফ্রেডকে ইচ্ছাকৃতভাবে পড়ে যাওয়ার জন্য 'প্রতারক' বলতে শুরু করেন।
প্রতারণার অভিযোগের জবাবে তিনি বলেন, "ইচ্ছে করে পড়ে যাওয়ার খেলোয়াড় আমি নই।"
ফিফার রেফারিদের প্রধান মাস্সিমো বোসাক্কা ওই ম্যাচের রেফারি নিশিমুরার পাশে দাঁড়িয়েছেন। নিশিমুরা ঘটনাটির খুব কাছাকাছি ছিলেন, তাই পুরো ব্যাপরটি পরিষ্কারভাবে দেখতে পেয়েছেন। এ কারণেই তার নেয়া সিদ্ধান্ত ঠিক আছে বলে মনে করেন বোসাক্কা।
ঘটনাটির ভিডিও দেখেছেন রেফারিদের প্রধান। সেটা তার মনে হয়েছে লোভর্নে দুই হাত দিয়েই ফ্রেডকে ধরেছিলেন।
