স্পেনকে তবুও সমীহ চিলির
স্পেনের শিরোপা ধরে রাখার অভিযানটা শুরু হয়েছে দুঃস্বপ্ন দিয়ে। নেদারল্যান্ডসের কাছে ৫-১ গোলের সেই লজ্জাজনক হারের পরও বিশ্ব চ্যাম্পিয়নদের সমীহের কমতি নেই গ্রুপ সঙ্গী চিলির কোচ হোর্হে সামপাওলির।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩-১ গোলের জয়ে পয়েন্ট তালিকায় নেদারল্যান্ডসের পাশে দাঁড়িয়েছে চিলি। বুধবার পরের ম্যাচে লাতিন আমেরিকার এই দেশটি খেলবে ভিসেন্তে দেল বস্কের স্পেনের বিপক্ষে।
সামপাওলি বলেন, “আমার মনে হয় না এই ফল চূড়ান্ত কিছু। স্পেনের একজন অসাধারণ প্রশিক্ষক রয়েছে আর ওদের অনেক খেলোয়াড়ই বিশ্বসেরাদের কাতারে পড়ে।”
চিলির এই কোচ মনে করিয়ে দিয়েছেন, গত আসরেও নিজেদের প্রথম ম্যাচে হেরেছিল স্পেন। সুইজারল্যান্ডের সেই হারের পর বিশ্বকাপ জিতেই থেমেছিলেন ইকার কাসিয়াসরা।
গতবারের দুই ফাইনালিস্ট স্পেন ও নেদারল্যান্ডসকে মোকাবেলা করতে নিজেদের খেলার আরো উন্নতি প্রয়োজন বলে মনে করেন সামপাওলি।
“আমরা প্রথম আধঘণ্টা প্রতিপক্ষকে খুব চাপে রেখেছিলাম আর খেলা আমাদের নিয়ন্ত্রণে ছিল। এরপর চাপ একটু কমে গেলে আরো কয়েকজন আক্রমণে উঠে আসে এই সময়ে ওরা প্রতি-আক্রমণে আমাদের ভুগিয়েছে।”
