২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্পেনে 'বিপর্যয়' আর 'দু:স্বপ্ন'

শোকের বাতাবরণে ছেয়ে গেছে স্পেন। 'বি' গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে  নেদারল্যান্ডসের কাছে বিধ্বস্ত হওয়ার পর এই শোক-বিলাপের নেতৃত্ব দিচ্ছে সে দেশের সংবাদমাধ্যম।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2014, 11:32 PM

Updated : 13 Oct 2022, 12:13 PM

শুক্রবার সালভাদরে এই হারটিকে স্পেনের কোনো পত্রিকা দেখছে 'চরম লজ্জা' হিসেবে। কারো কাছে আবার এটা 'দু:স্বপ্ন'।

শিরোপা ধরে রাখার স্বপ্ন নিয়ে ব্রাজিলে পা রেখেছে স্পেন। কিন্তু বিশ্ব চ্যাম্পিয়নরা গত বিশ্বকাপের রানার্সআপ নেদারল্যান্ডস ৫-১ গোলে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়নদের সেই স্বপ্নে বড় এক ধাক্কায় দিয়েছে।

৬০ বছরের মধ্যে বিশ্বকাপে স্পেনের সবচেয়ে বড় ব্যবধানের পরাজয়কে স্পেনের শীর্ষ পত্রিকা এল পায়েস উল্লেখ করেছে দু:স্বপ্ন হিসেবে।

"একটা সম্পূর্ণ বিপর্যয়" শিরোনামের খবরটিতে তারা ২০০৮ সাল থেকে স্পেনের ইউরো অথবা বিশ্বকাপে কোনো ম্যাচে একটির বেশি গোল না খাওয়ার বিষয়টি উল্লেখ করেছে। এর পর তারা লিখেছে, "এটা সম্ভাব্য সবচেয়ে বাজে দু:স্বপ্নের চেয়েও ভয়ঙ্কর দু:স্বপ্ন।"

স্পেনের যেকোনো সাফল্য দিনে মাদ্রিদ যেন জেগে ওঠে অন্যরকম এক ছন্দে। রাস্তায় নেমে আসে মানুষ, সাফল্য উদযাপন করে গাড়ির হর্ন বাজিয়ে আর গান গেয়ে। কিন্তু শুক্রবার এই মাদ্রিদই হয়ে উঠেছিল ভূতুড়ে। একদম নি:শব্দ।

নৈঃশব্দ্যের এই নগরীকে ক্রীড়া দৈনিক ঘোষণার সুরে জানায়, "লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আমরা আমাদের জাদুকরি স্পর্শ হারিয়ে ফেলেছি।"

২০০৮ সালে স্পেনের দায়িত্ব নেয়ার পর ভিসেন্তে দেল বস্কের এটা চতুর্থ হার। সবকিছু মিলিয়ে স্পেনের সংবাদমাধ্যম তাদের দেশের গ্রুপ পর্বে বিদায় নেয়ার সম্ভাবনার কথাও লিখেছে।

ক্রীড়া পত্রিকা মার্কা সমালোচনা করেছে স্পেনের রক্ষণ নিয়ে।

Image
মাদ্রিদের ফ্যান পার্কে ছড়িয়ে পড়েছে হতাশা।

মাদ্রিদের ফ্যান পার্কে ছড়িয়ে পড়েছে হতাশা।

"বলতে গেলে কোনো রক্ষণ ছাড়াই স্পেন শিরোপা রক্ষা করার অভিযান শুরু করেছে এবং নেদারল্যান্ডসের বিপক্ষে লজ্জা নিয়ে শেষ করেছে।"

স্পেনের কোনো কোনো পত্রিকা আবার এই পরাজয়েও আশার আলো দেখছে। ২০১০ বিশ্বকাপেও নিজেদের প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের কাছে হেরেছিল স্পেন। এর পর তারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। তারও পরে শিরোপা নিয়ে দেশে ফিরেছিল কাসিয়াসরা।

স্পেন গ্রুপে নিজেদের পরের ম্যাচে আগামী বুধবার চিলির বিপক্ষে খেলবে। গত বিশ্বকাপেও একই গ্রুপে পড়েছিল এই দুই দল। সেবার চিলিকে ২-১ হারিয়েছিল স্পেন।