কলম্বিয়ার সামনে গ্রিসের রক্ষণ দুর্গ
চোটের কারণে যদি লিওনেল মেসির বিশ্বকাপ খেলা না হত, তাহলে আর্জেন্টিনা শিবিরের অবস্থা থাকত কেমন? কিংবা ক্রিস্টিয়ানো রোনালদো না থাকলে পর্তুগালের? অথবা নেইমার ঝরে গেলে ব্রাজিলের? রাদামেল ফালকাও ছাড়া বিশ্বকাপ অভিযান শুরু করা কলম্বিয়ার অবস্থা এখন ঠিক তেমন; বিমর্ষ, বিবর্ণ। ফাটল ধরা আত্মবিশ্বাস, লাগাম টানা উচ্চাশা। গ্রিসের বিপক্ষে আজ যে ‘লস ক্যাফেতেরস’ মাঠে নামবে, সেটি এক রকম অচেনা। অন্তত মাসখানেক আগেও যেমন কলম্বিয়া থাকার কথা ছিল, এটি তেমন না।
দলটিকে ধরা হচ্ছিল ব্রাজিল বিশ্বকাপের ‘ডার্ক হর্স’। কার্লোস ভালদেরামা, ফাউস্তিনো আসপ্রিয়ারা যা পারেননি, সেটি ফালকাও-হামেস রদ্রিগেসরা পারবেন বলে ছিল বিশেষজ্ঞদের পূর্বাভাস। স্বপ্ন দেখছিল কলম্বিয়ানরাও। কিন্তু চোট কাটিয়ে বিশ্বকাপের জন্য দলের সেরা খেলোয়াড় 'ফিট' হতে পারেননি।
অনুশীলনের আগে প্রার্থনা কলম্বিয়া দলের ফুটবলারদের
ফালকাও ছাড়াও কলম্বিয়ান আক্রমণভাগের ঝাঁঝ যথেষ্ট। নেতৃত্ব বদল হয়ে তা চলে এসেছে রদ্রিগেসের কাঁধে। ক্লাব ফুটবলে মোনাকোয় খেলা এই উইঙ্গার আলোকিত করে তুলতে পারেন ব্রাজিল বিশ্বকাপ। বল দখলে রেখে পজেশনভিত্তিক ফুটবল, আর প্রতিপক্ষের পা থেকে বল কেড়ে নিয়ে বিদ্যুৎগতির প্রতিআক্রমণ দুটোতেই দক্ষতা দেখিয়েছে কলম্বিয়া। বাছাইপর্বে অমন খেলে সাফল্য পাওয়ার পর মূল পর্বে খেলার ধরন পরিবর্তন আর করবে না তারা। অধিনায়ক মারিও ইয়েপেস স্পষ্ট করেই বলেছেন তা, "কিছু নাম হয়তো বদলে যাবে। তবে আমাদের খেলার ধরন বদলাবে না। সাবলীল ফুটবলের জন্য যত বেশি সম্ভব বল পায়ে রাখতে চাইব আমরা। হ্যাঁ, কিছু কিছু সময়ে কিছু কিছু ম্যাচে তা হয়তো কাজে আসবে না। তারপরও আমরা খেলার ধরন বদলাব না।"
গ্রিসের কোচ ফের্নান্দো সান্তোস।
কলম্বিয়ার কোচ হোসে পেকারমান
গ্রিসের ফুটবলারদের অনুশীলন
