২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়াকে সহজেই হারাল চিলি

সহজ জয় দিয়েই বিশ্বকাপ অভিযান শুরু হল লাতিন আমেরিকার দেশ চিলির। কুইয়াবায় অস্ট্রেলিয়াকে ৩-১ গোলে হারিয়েছে 'বি' গ্রুপের এই দলটি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2014, 06:07 AM

Updated : 13 Oct 2022, 12:13 PM

চিলির পক্ষে একটি করে গোল করেন ম্যাচ সেরা আলেক্সিস সানচেস, হোর্হে ভালদিভিয়া ও জা বসেজুর।

শুক্রবার আরেনা পানতানালে ১২তম মিনিটেই চিলিকে এগিয়ে নেন সানচেস। প্রথম সত্যিকারের সুযোগটিকে গোলে পরিণত করেন বার্সেলোনার এই স্ট্রাইকার।

গোলে বড় অবদান ইন্তারনাসিওনালের মিডফিল্ডার চার্লস আরানগুইসের। তার হেড থেকে গোলের ঠিক সামনে বল পেয়ে অস্ট্রেলিয়ার গোলরক্ষক ম্যাট রায়ানকে পরাস্ত করেন সানচেস।

দুই মিনিট পর ব্যবধান দ্বিগুণ করে লাতিন আমেরিকার দেশটি। এই গোলটির স্থপতি সানচেস। তার ডিফেন্স চেরা পাস বিপজ্জনক জায়গায় খুঁজে পায় হোর্হে ভালদিভিয়াকে। পালমেইরাসের এই অরক্ষিত ডিফেন্ডার বল জালে জড়াতে কোনো ভুল করেননি।

৩৫তম মিনিটে টিম ক্যাহিলের গোলে ব্যবধান কমায় অস্ট্রেলিয়া। সুবিধাজনক জায়গায় একটি ক্রস খুঁজে পায় ক্যাহিলকে। সঙ্গে লেগে থাকা ডিফেন্ডার গারি মেদেলকে ফাঁকি দিয়ে জালে বল জড়ান তিনি।

অস্ট্রেলিয়ার হয়ে এটি ক্যাহিলের ৩৩তম গোল। বিশ্বকাপে তার এই চতুর্থ গোলে খেলার চিত্রটাই পাল্টে যায়। এতোক্ষণ রক্ষণ সামাল দেয়ায় ব্যস্ত থাকা অস্ট্রেলিয়া সমতা ফেরাতে মরিয়া হয়ে উঠে। সেবার না পারলেও দুই মিনিট পর ক্যাহিলের একটি প্রচেষ্টা ব্যর্থ করে দেন চিলির গোলরক্ষক ক্লদিও ব্রাভো। প্রথমার্ধের পরের সময়টুকুতে কোনো দলই আর সাফল্য পায়নি। দ্বিতীয়ার্ধে আরো ধারালো হয়ে উঠে 'সকারু' নামে বেশি পরিচিত অস্ট্রেলিয়ার আক্রমণগুলো। ৫৩তম মিনিটে একটি গোলও পেয়ে যায় তারা। কিন্তু ক্যাহিল অফসাইডে থাকায় গোলটি বাতিল হয়ে যায়। ৫৬তম মিনিটে অস্ট্রেলিয়ার মার্ক ব্রেসানোর দুটি আক্রমণ ব্যর্থ করে দিয়ে চিলির ত্রাতা ব্রাভো। ৬১তম মিনিটে আলেক্স উইলকিনসনেসর দৃঢ়তায় বেঁচে যায় অস্ট্রেলিয়া। সানচেসের চমৎকার একটি পাস গোলরক্ষক রায়ানের মাথার ওপর দিয়ে 'চিপ' করেছিলেন এদুয়ার্দো বার্গাস। কিন্তু গোল লাইনের ঠিক সামনে থেকে তা ফিরিয়ে দেন উইলকিনসন। ইনজুরি সময়ের দ্বিতীয় মিনিটে জা বসেজুর গোলে জয় নিশ্চিত হয়ে যায় চিলির। মুরিসিও পিনিইয়ার জোরালো শট কোনোমতে ঠেকিয়েছিলেন রায়ান। সেখান থেকে বল পেয়ে যান বসেজুর। তার দূর পাল্লার শটে তিন পয়েন্ট নিশ্চিত হয়ে যায় চিলির। চিলির প্রথম খেলোয়াড় হিসেবে দুটি ভিন্ন বিশ্বকাপে গোল পেলেন বসেজুর। 'বি' গ্রুপের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের কাছে ৫-১ গোলে হারে স্পেন। বুধবার শিরোপাধারীদের বিপক্ষে মাঠে নামবে চিলি। দিনের অন্য ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে অস্ট্রেলিয়া।