চমক দেখানোর প্রত্যাশা সক্রাটিসের
প্লে-অফ পাড়ি দিয়ে চূড়ান্ত পর্বে এলেও ডিফেন্ডার সক্রাটিস পাপাস্তাথোপুলোসের বিশ্বাস, বিশ্বকাপে চমক দেখাবে সাবেক ইউরো চ্যাম্পিয়ন গ্রিস।
২০০৪ সালে পর্তুগালে স্বাগতিকদের হৃদয় ভেঙে ইউরোপ সেরার মুকুট জিতেছিল গ্রিস। বিশ্বকাপ স্বপ্ন ততদূর নয়, আপাতত দ্বিতীয় রাউন্ডেই সীমিত রেখেছেন সক্রাটিস।
১৯৯৪ ও ২০১০ সালে প্রথম রাউন্ডের বাধাই পেরুতে পারেনি গ্রিকরা। এবার কলম্বিয়া, জাপান ও কোত দি ভোয়ার (আইভরি কোস্ট) গ্রুপ সঙ্গী বলে দ্বিতীয় রাউন্ডের স্বপ্ন দেখতে বাধা নেই সক্রাটিসদের।
প্রথম আসরে কোনো গোলই করতে পারেনি গ্রিস। দ্বিতীয় আসরে গোলের সঙ্গে প্রথম জয়টিও তুলে নেয় তারা। এবার আগের দুই আসরকে ছাড়িয়ে যাওয়ার প্রত্যয় ২৬ বছর বয়সী এই সেন্টার ব্যাকের কণ্ঠে।
“বিশ্বকাপ ও ইউরোপিয়ান কাপের মতো বড় আসরে আমাদের জাতীয় দলের বেশ কিছু সাফল্য রয়েছে।”
ঐতিহ্য নয় মাঠের পারফরম্যান্সকেই গুরুত্ব দিচ্ছেন বরুসিয়া ডর্টমুন্ডের এই খেলোয়াড়।
“দলকে শেষ ষোলোয় দেখলে ব্যক্তিগতভাবে আমি খুব খুশি হব। আর অতীতেও আমরা দেখেছি, এরপর অনেক কিছুই হতে পারে।”
