২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অভিষেকেই ইতিহাস গড়ার লক্ষ্য রুইসের

প্রথমবারের মতো বিশ্বকাপে খেলতে এসেই ইতিহাস গড়তে চান কোস্টা রিকার অধিনায়ক ব্রায়ান রুইস। ছাড়িয়ে যেতে চান ১৯৯০ সালের বিশ্বকাপে চমক জাগানো কোস্টা রিকার ওই সময়ের তারকাদের।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2014, 04:10 AM

Updated : 22 Aug 2022, 06:29 PM

২৪ বছর আগের ওই বিশ্বকাপে নিজেদের অভিষেক আসরেই নকআউট পর্বে ওঠে কোস্টা রিকা। এরপর ২০০২ ও ২০০৬ সালের বিশ্বকাপে খেললেও গ্রুপ পর্বের বাধা টপকাতে পারেনি দলটি।

২০০৫ সালে আন্তর্জাতিক ফুটবলে রুইসের অভিষেক। তবে পরের বছর বিশ্বকাপ দলে ছিলেন উপেক্ষিত। আর ২০১০ সালের বিশ্বকাপে তো বাছাইপর্বই পার হতে পারেনি তার দেশ। তাই বিশ্বকাপ খেলার স্বপ্নটা এতদিন অপূর্ণই রয়ে গেছে রুইসের।

এবার বাছাইপর্বের দ্বিতীয় সেরা দল হিসেবে ব্রাজিল বিশ্বকাপের চূড়ান্ত পর্বে উঠেছে তারা। ভারসাম্যপূর্ণ একটা দল নিয়ে দারুণ কিছু করে দেখানোর স্বপ্ন রুইসের চোখে।

“এটা এক নতুন কোস্টা রিকা। আমাদের নজরে রাখুন, কারণ আমরা অনেক মানুষকেই চমকে দিতে পারি।”

কাজটা ভীষণ রকমের কঠিন হবে। এবারের আসরে সবচেয়ে দুর্ভাগা বলা হচ্ছে এই দলটিকেই। সাবেক তিন চ্যাম্পিয়ন ইতালি, উরুগুয়ে ও ইংল্যান্ডের সঙ্গে ‘ডি’ গ্রুপের মৃত্যুকূপে পড়েছে তারা।

তবে তাতে একটুও ঘাবড়াচ্ছেন না রুইস। বরং সেরা দলের সঙ্গে খেলাটাকেই বড় সুযোগ হিসেব দেখছেন তিনি।

“সেরা দলগুলোর সঙ্গেই আপনি খেলতে চাইবেন। তাইতো এটা বিশ্বকাপ। (গ্রুপ পর্বে) আমরা তিন বিশ্ব চ্যাম্পিয়নের বিপক্ষে খেলবো। এর চেয়ে ভালো আর কি হতে পারে?”

শনিবার ফরতালেজায় উরুগুয়ের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে কোস্টা রিকা।