২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোপা জিততে সবার অবদান চান গাগো

তৃতীয় বিশ্বকাপ শিরোপা জিততে অধীর আর্জেন্টিনা। মিডফিল্ডার ফের্নান্দো গাগো মনে করেন, ২৮ বছরের অপেক্ষার অবসান ঘটাতে মাঠে থাকা ১১ জনকেই অবদান রাখতে হবে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2014, 04:07 AM

Updated : 22 Aug 2022, 06:29 PM

১৯৭৮ ও ১৯৮৬ সালে বিশ্বকাপ জিতেছিল দিয়েগো মারাদোনার আর্জেন্টিনা।

গাগো সাংবাদিকদের বলেন, “১১ জনকে আক্রমণে দরকার হবে আর রক্ষণেও তাই। ফরোয়ার্ডদের নিখুঁত হতে হবে আর কখনো কখনো দ্রুত প্রতি আক্রমণে যেতে হবে।”

লিওনেল মেসির নেতৃত্বাধীন আক্রমণভাগের যে কোনো রক্ষণ গুড়িয়ে দেয়ার সামর্থ্য রয়েছে। ১৯৯০ সালের হারানো মুকুট ফিরে পেতে ‘আলবিসেলেস্তে’ নামে পরিচিত আর্জেন্টিনা তাকিয়ে আছে তাদের অধিনায়কের দিকেই।

‘ফ্যান্টাস্টিক ফোর’ নামে পরিচিত মেসি, আনহেল দি মারিয়া, সের্হিও আগুয়েরো ও গনসালো হিগুয়াইনের বল পাওয়া নিশ্চিত করতে চান গাগো। একই সঙ্গে দলের রক্ষণেও ভূমিকা রাখতে চান বোকা জুনিয়র্সের এই মিডফিল্ডার।

গাগো মনে করেন, দি মারিয়া, আগুয়েরো ও মেসির গতির সঙ্গে তাল মেলাতে পারার মতো দল খুব বেশি নেই। তীব্র গতি ও তাদের দক্ষতাই পার্থক্য গড়ে দেয়।

রোববার বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু হবে আর্জেন্টিনার। গত নভেম্বরে এক প্রীতি ম্যাচে বসনিয়াকে ২-০ গোলে হারিয়েছিল তারা।