জার্মানির বিপক্ষে গোল উদযাপনে জোন্সের না
সাবেক দল জার্মানির বিপক্ষে গোল করলেও উদযাপন করবেন না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের মিডফিল্ডার জেরমাইন জোন্স।
বিশ্বকাপে ‘জি’ গ্রুপে রয়েছে জার্মানি ও যুক্তরাষ্ট্র। আগামী ২৬ জুন রেসিফিতে মুখোমুখি হবে দল দুটি।
জোন্সের বাবা আমেরিকান, মা জার্মান। জন্ম, বেড়ে উঠা ফ্রাঙ্কফুর্টে। খেলেছেন জার্মানির অনূর্ধ্ব-২১ দলে। যুক্তরাষ্ট্রের হয়ে খেলার সিদ্ধান্ত নেয়ার আগে জার্মানির হয়ে তিনটি প্রীতি ম্যাচে খেলেছিলেন তিনি।
বৃহস্পতিবার ৩২ বছর বয়সী জোন্স বলেন, “আমি জার্মানির বিপক্ষে গোল করলেও, উদযাপন করবো না। আমি দেশটিতে (জার্মানি) বেড়ে উঠেছি এবং দেশটি আমাকে অনেক কিছু দিয়েছেও।”
জোন্স ছাড়াও আরো চারজন জার্মান-আমেরিকান ফুটবলার রয়েছে যুক্তরাষ্ট্র দলে। এরা হলেন, তিন ডিফেন্ডার টিমোথি চান্ডলার, ফ্যাবিয়ান জনসন, জন ব্রুকস ও উইঙ্গার জুলিয়ান গ্রিন।
যুক্তরাষ্ট্র দলটির কোচও একজন জার্মান, ইয়ুর্গেন ক্লিন্সমান। ঘানা ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু হবে তার দলের।
