আলো ছড়িয়েই শুরু নেইমারের স্বপ্নযাত্রা
অবধারিতই ছিল, ব্রাজিলের মারাকানা-দু:খ ভোলার অভিযানের কেন্দ্রীয় চরিত্র নেইমারের স্বপ্ন-যাত্রা শুরু হলো আলো ছড়িয়ে।
ক্রোয়েশিয়ার বিপক্ষে ব্রাজিলের উদ্বোধনী ম্যাচটি ছিল নেইমারের বিশ্বকাপ-যাত্রার শুরু। সেই শুরুটা হলো ৩-১ গোলের জয় দিয়ে। জোড়া গোল করে ম্যাচ সেরা নেইমারই।
এই দুটি গোল ব্রাজিলের হয়ে সবশেষ ৪ ম্যাচে নেইমারের পঞ্চম ও ষষ্ঠ গোল। ২২ বছর বয়সী এই ফরোয়ার্ড বৃহস্পতিবার ক্রোয়েশিয়ার বিপক্ষে ব্রাজিলের বিখ্যাত হলুদ জার্সি গায়ে ৫০তম ম্যাচ খেলেন। সব মিলিয়ে তার গোলের সংখ্যা দাঁড়াল ৩৩টিতে।
তবে বিশ্বকাপ ক্যারিয়ারের প্রথম ম্যাচের শুরুতে অন্য সতীর্থদের মতো দ্বিধাগ্রস্ত বা বেশি উত্তেজিত মনে হয়নি নেইমারকে। এমনকি ব্রাজিল পিছিয়ে পড়ার পরও নেইমার ছিলেন শান্ত আর স্বাভাবিক। সবসময়ই মনে হচ্ছিল, নেইমার যেকোনো সময়ই গোল শোধ করে দিতে পারেন।
নেইমারকে অবশ্য একটা ক্ষেত্রে ভাগ্যবানই বলতে হবে। ক্রোয়েশিয়ার মিডফিল্ডার লুকা মদরিচকে কনুই মেরে শুধু হলুদ কার্ড দেখেই পার পেয়ে যান তিনি। নেইমার বেঁচে যান এবং সহজাত ঝলক দেখাতে শুরু করেন।
বিশ্বকাপে নেইমারের প্রথম গোলটিও দেখার মতো। ডি বক্সের অনেক বাইরে বল পেয়ে পায়ে পায়ে এগিয়ে যান তিনি। এরপর প্রায় ২৩ গজ দূর থেকে বাঁ পায়ের দারুণ শট নেন তিনি। দেখে পা ফসকে যাওয়া শট মনে হলেও বল তার কাঙ্খিত ঠিকানা খুঁজে পায়। সমতায় ফেরে ব্রাজিল।
দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন নেইমার। আনন্দে ভেসে যান বার্সেলোনার ফরোয়ার্ড।
ম্যাচ শেষের খানিক আগে নেইমারকে মাঠ থেকে তুলে নেন স্কলারি। মাঠ ছাড়ার সময় নেইমার সঙ্গে নিয়ে যান ব্রাজিল সমর্থকদের সব ভালোবাসা। আর ম্যাচ শেষে পান কোচ লুইস ফেলিপে স্কলারির প্রশংসা।
"সে যে বিশ্বের সেরা খেলোয়াড় তা প্রতিষ্ঠা করতে গণমাধ্যমের দরকার নেই। ওর দায়িত্ব হচ্ছে ব্রাজিলের জন্য খেলা এবং আজ (বৃহস্পতিবার) ও সেটাই করেছে।"
স্বপ্ন-যাত্রার শুরুটা ভালো করতে পেরে দারুণ খুশি নেইমার। তবে নেইমার সবচেয়ে খুশি দলকে জেতাতে পেরেছেন বলে।
"আমি যেমনটা ভেবেছিলাম এটা তার চেয়েও ভালো। আশা করেছিলাম, আমরাই জিতবো। তবে বিশ্বকাপে এমন দুর্দান্ত অভিষেক, এই আনন্দ মাপা যাবে না।"
