২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফাইনালের পুনর্মঞ্চায়নে মুখোমুখি স্পেন নেদারল্যান্ডস

দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপটা যেখানে শেষ করেছিল স্পেন-নেদারল্যান্ডস, ব্রাজিল বিশ্বকাপটা যেন সেখান থেকেই শুরু করছে তারা। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে সালভাদরে মুখোমুখি হচ্ছে গত বিশ্বকাপের চ্যাম্পিয়ন স্পেন ও রানার্সআপ নেদারল্যান্ডস।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2014, 02:13 PM

Updated : 13 Oct 2022, 12:13 PM

সালভাদরের আরেনা ফন্তে নভায় শুক্রবার স্পেনের শিরোপা ধরে রাখার আর নেদারল্যান্ডসের প্রতিশোধের লড়াইটা শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।

ফুটবল পণ্ডিতদের মতে, ৪ বছর আগে জোহানেসবার্গে ফুটবল বিশ্ব বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে হতাশাজনক ফাইনালটি দেখেছিল। 'তিকি-তাকা' ছন্দের স্পেনের ফুটবলকে রুখতে বের্ত ফন মারভিইকের নেদারল্যান্ডস নিশ্ছিদ্র রক্ষণ নিয়ে নেমেছিল।

সালভাদরে এবার দুই দলের লড়াইয়ে অন্যরকম ফুটবল আশা করছে বিশ্বজোড়া ফুটবল রোমাঞ্চ-প্রিয় সমর্থকরা।

চাভি এরনান্দেজ, আন্দ্রেস ইনিয়েস্তা, দাভিদ ভিয়ারা এবারও ভয়ালসুন্দর সেই পাসিং ফুটবল খেলার প্রতিশ্রুতি দিয়েই ব্রাজিলে এসেছেন। ভেসলি স্নেইডার, আরিয়েন রবেন ও রবিন ফন পের্সিরাও ডাচদের চিরায়াত 'টোটাল ফুটবল' ফিরিয়ে আনার ভাবনায় মশগুল।

এই ম্যাচের আগে বেশি আলো পড়ছে ব্রাজিলে জন্ম নেয়া স্পেনের ফরোয়ার্ড দিয়েগো কস্তার ওপর। স্পেনের শুরুর একাদশে থাকার সম্ভাবনা আছে তার। আর তাকে স্পেনের জার্সিতে খেলতে দেখতে ফন্তে নোভার গ্যালারিতে থাকার প্রস্তুতি নিচ্ছে তার পরিবার।

সদ্য শেষ হওয়া মৌসুমে আতলেতিকোর হয়ে ৩৬ গোল করা কস্তা কোচ ভিসেন্তে দেল বস্কের শুরুর একাদশে থাকবেন বলেই ধরে নেয়া যায়।

Image
স্পেনের মুখোমুখি হওয়ার আগে অনুশীলনে কোচ লুইস ফন গালের কথা শুনছেন নেদারল্যান্ডসের ফুটবলাররা।

স্পেনের মুখোমুখি হওয়ার আগে অনুশীলনে কোচ লুইস ফন গালের কথা শুনছেন নেদারল্যান্ডসের ফুটবলাররা।

একমাত্র স্ট্রাইকার হিসেবে খেলা কস্তার সঙ্গে মাঝ মাঠে চাভি, ইনিয়েস্তা, বুসকেতস, আলোন্সোদের থাকার কথা বলছেন অনেকে। আর রক্ষণে 'স্প্যানিশ ম্যাটাডোর' সের্হিও রামোসের সঙ্গে আছেন সেজার আসপিলিকুয়েতা, জেরার্দ পিকে ও জর্দি আলবা। গোলবারের নিচে পুরনো সৈনিক ইকার কাসিয়াসের থাকাটা তো নিশ্চিতই।

তবে স্পেন-নেদারল্যান্ডস ম্যাচের আগে একাদশ নয়, বেশি কথা হচ্ছে ডাচদের খেলার ধরণ নিয়ে। ৪-৩-৩ ফর্মেশন এক পাশে সরিয়ে কোচ লুইস ফন গাল দলকে অনেক দিন ধরেই ৫-৩-২ ফর্মেশনে খেলাচ্ছেন। ফন গাল এটাকে আরো 'প্রেসিং ফুটবল' খেলার ফর্মেশন বললেও অনেকেই বলছেন এটা হয়ত অতি রক্ষণাত্মক মানসিকতার বহি:প্রকাশ।

দলের সবচেয়ে বড় তারকা রবেন তো বলেই দিয়েছেন, বল দখলের ফুটবল খেলার মতো খেলোয়াড় তাদের নেই। তাই তাদের সঙ্গে মানানসই ফর্মেশনেই খেলবেন তারা।

"আমার মনে হয় না এই মুহূর্তে আমাদের তিকি-তাকা খেলার সামর্থ্য আছে। এই টুর্নামেন্টে আমরা সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র প্রতি আক্রমণই ব্যবহার করব।"

Image
সংবাদ সম্মেলনে স্পেনের দুই তারকা চাভি এরনানদেস ও গোলরক্ষক ইকার কাসিয়াস।

সংবাদ সম্মেলনে স্পেনের দুই তারকা চাভি এরনানদেস ও গোলরক্ষক ইকার কাসিয়াস।

এই ক্ষেত্রে ডাচদের তাকিয়ে থাকতে হবে পের্সির দিকেই। দুই পাস থেকে স্নেইডার আর রবেনের সরবারহ করা বলগুলো তিনি কতটা কাজে লাগাতে পারেন। তিনি যত গতিময় হবেন, ততই সফল হয়ে উঠবে ডাচদের প্রতি আক্রমণাত্মক খেলার পরিকল্পনা। সদ্য শেষ হওয়া মৌসুমের শেষের দিক থেকে চোটকে সঙ্গী করে ফেলা পের্সি পারবেন তো?

ডাচদের রক্ষণাত্মক মানসিকতা নিয়ে ব্রাজিলে পা রাখার আগেই অনেক কথা বলতে হয়েছে স্পেনের কোচকে। দেল বস্ক বারবারই বলে এসেছেন, ডাচদের জমাট রক্ষণ নিয়ে ভয় পাচ্ছেন না তিনি।

বিশ্বকাপ জিততে হলে জমাট রক্ষণ ভেঙেই এগিয়ে যেতে হবে। এসব বাধা পেরিয়েই শিরোপা ধরে রাখতে চায় স্পেন। চায় প্রথম দল হিসেবে দক্ষিণ আমেরিকা থেকে বিশ্বকাপ শিরোপা ইউরোপে নিয়ে যেতে।