ঐতিহ্য ফুটিয়ে ব্রাজিল বিশ্বকাপের সূচনা
সংশয় ছিল, তবে সংকল্পও ছিল। নানা বাধা-বিপত্তি এড়িয়ে তাই ব্রাজিল বিশ্বকাপের উদ্বোধন হয়ে গেল সাও পাওলোতে।
অলিম্পিকের মতো ঘটা করে উদ্বোধনের চল নেই ফুটবল বিশ্বকাপে। আরেনা দে সাও পাওলোতে বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত সোয়া ১২টায় শুরু হওয়া এই আয়োজন তাই খুব দ্রুতই ফুরিয়ে গেল। প্রায় ২৫ মিনিটের এই অনুষ্ঠানে প্রয়াস ছিল ব্রাজিলের ঐতিহ্য ফুটিয়ে তোলার।
উদ্বোধনী অনুষ্ঠানের চেয়ে অবশ্য স্বাগতিক দর্শকদের কাছে গুরুত্বপূর্ণ স্কলারি-নেইমারদের 'হেক্সা' জয়ের অভিযান। তার আগে একই মাঠে বিশ্ববাসীর সাক্ষাৎ ঘটলো ব্রাজিলের ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে। প্রকৃতি, মানুষ আর ফুটবলের মাঝের বন্ধনকেই সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে ফুটিয়ে ধরা হলো, যা তেমন মন কাড়তে পারেনি।
তবে বিশ্বকাপের মূল সূচনাটা হবে বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ২টায় ব্রাজিল-ক্রোয়েশিয়া ম্যাচ দিয়েই। তখনই মূলত শুরু হবে এক মাসের এই মহাযজ্ঞ।
বিশ্বকাপের আয়োজক কমিটির কর্তারা সব সময়ই বলে এসেছেন সময় মতো সব আয়োজন পূর্ণ হবে। তবে গত এক বছর ধরেই বিশ্বকাপ বিরোধী আন্দোলন, স্টেডিয়াম নির্মাণে বারবার ফিফার দেয়া সময়সীমা পেরিয়ে যাওয়া, অবকাঠামোগত অন্য আরো অনেক শর্ত পূরণ না হওয়া - এসব সংশয় সুচ ফুটিয়েছে একের পর এক।
শেষ পর্যন্ত উদ্বোধনী ম্যাচের শহর সাও পাওলোতে মেট্রোকর্মী আন্দোলন মিইয়ে গেছে। বেতন বাড়ানো ও সহকর্মীদের উপর মামলা উঠিয়ে নেয়ার দাবিতে বৃহস্পতিবারও ধর্মঘটের হুমকি দিয়েছিল তারা। তবে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর স্থগিত হয়েছে তা। ব্রাজিলের সবচেয়ে বড় শহরের বিশ্বকাপের ভেন্যু আরেনা দে সাও পাওলো স্টেডিয়ামে ব্রাজিল-ক্রোয়েশিয়া উদ্বোধনী ম্যাচটি দেখতে যেতে আর কোনো সমস্যাই রইল না সমর্থকদের।
অবশ্য উদ্বোধনের দিনও সাওপাওলোর একটি অংশে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে।
এখন সংশয়ের মেঘ কেটে যাওয়ার পর ব্রাজিলের আকাশে ধরা পড়ছে নানান রঙের স্বপ্ন। ছোট থেকে বড়-স্বপ্ন দেখছে ব্রাজিল বিশ্বকাপের ৩২টি দলই। কারও ইতিহাস গড়ার স্বপ্ন, কারও আবার নিজের আলোয় বিশ্বকাপকে রাঙিয়ে দেয়ার স্বপ্ন।
