বার্সেলোনা ছেড়ে চেলসিতে ফাব্রেগাস
ইংলিশ প্রিমিয়ার লিগে ফিরলেন সেস ফাব্রেগাস। বিশ্বকাপের ডামাডোলের মাঝেই বার্সেলোনা ছেড়ে চেলসিতে যোগ দিয়েছেন স্পেনের এই মিডফিল্ডার।
আর্সেনালের সাবেক এই মিডফিল্ডারের সঙ্গে পাঁচ বছরের জন্য চুক্তি করেছে ইংল্যান্ডের ক্লাবটি। জাতীয় দলের হয়ে বিশ্বকাপ ধরে রাখার লক্ষ্যে বর্তমানে ব্রাজিলে আছেন স্পেনের এই খেলোয়াড়।
আপাতত ভাবনায় কেবল বিশ্বকাপ থাকলেও জোসে মরিনিয়োর দলে যোগ দেয়ার উচ্ছ্বাস ফাব্রেগাসের কণ্ঠে।
“বিস্ময়কর এক কোচ আর প্রতিভাবান খেলোয়াড়দের নিয়ে চেলসি চমৎকার একটি দল। এই দলটির প্রতি আমি প্রতিশ্রুতিবদ্ধ আর (তাদের হয়ে) খেলতে আমি আর অপেক্ষা করতে পারছি না।”
ইংল্যান্ডের তারকা মিডফিল্ডার ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড চেলসি ছাড়ার ঘোষণা দেয়ার ১০ দিন পর স্ট্যামফোর্ড ব্রিজের দলটিতে যোগ দিলেন ফাব্রেগাস।
২০১১ সালের ১৫ অগাস্ট আর্সেনাল ছেড়ে স্পেনের ক্লাব বার্সেলোনায় যোগ দেয়ার পর ১২৯ ম্যাচ খেলে ৩৫ গোল করেন ফাব্রেগাস। এছাড়া জাতীয় দলের হয়ে ৮৯ ম্যাচে ১৩ গোল করেছেন তিনি।
