দক্ষিণ কোরিয়া: স্মৃতিই প্রেরণা
চার বছর পর পর বিশ্বকাপ আসে। আর দক্ষিণ কোরিয়া ফিরে ফিরে যায় চার বছর, আট বছর, ১২ বছর আগে! স্মৃতিতে তাদের ঘুরেফিরে যে ওই ২০০২ আসরেরই নিত্য উপস্থিতি! নিজ দেশের ওই টুর্নামেন্টে সেমি-ফাইনালে উঠেছিল। স্বপ্ন ছাড়িয়ে যাওয়া ওই পারফরম্যান্সের পুনরাবৃত্তি সম্ভব নয় জেনেই বারবার স্মৃতির সরণী বেয়ে দক্ষিণ কোরিয়ার ওই ২০০২ সালে ফিরে যাওয়া।
ব্রাজিল বিশ্বকাপের আগে ওই প্রত্যাবর্তনের উপলক্ষটা আরো জোরালো। দক্ষিণ কোরিয়ার ডাগআউটে বসে থাকবেন যে হং মিউং-বো! চারটি বিশ্বকাপ খেলেছেন, যার মধ্যে আছে ২০০২ সালের সেই অবিস্মরণীয় স্বপ্নযাত্রাও। শুধু কি তাই, দক্ষিণ কোরিয়া দলে অধিনায়ক ছিলেন তিনি, টুর্নামেন্টের তৃতীয় সেরা খেলোয়াড় হিসেবে জিতেছিলেন ‘ব্রোঞ্জ বল’। এমন একজন যখন কোচ হিসেবে আছেন, দক্ষিণ কোরিয়াকে ২০০২ আসরে ফিরিয়ে নিতে আর কী লাগে!
বাছাইপর্বটা অবশ্য খুব একটা ভালো যায়নি তাদের। টানা অষ্টম বিশ্বকাপে খেলার পথটি ছিল বড়ই বন্ধুর। ইরানের কাছে দুই লেগেই হেরেছে; হেরেছে লেবাননের কাছেও। নড়বড়ে রক্ষণভাগ, লং বলে গোল খাওয়া, গোলের সুযোগ তৈরিতে ব্যর্থতা, তৈরি হলেও গোল করায় ব্যর্থতা- এ সব কিছু মিলে দক্ষিণ কোরিয়ার ব্রাজিল যাত্রাই হয়ে পড়েছিল অনিশ্চিত। শেষ পর্যন্ত চূড়ান্ত পর্বের পয়েন্ট টেবিলে ইরানের দুই পয়েন্ট পেছনে থেকে গ্রুপ রানার্সআপ হয় তারা। সমান পয়েন্ট ছিল উজবেকিস্তানেরও। কিন্তু গোল পার্থক্যে এগিয়ে থেকে ব্রাজিলের টিকেট পায় কোরিয়া।
এছাড়া বো-র প্রিয়পাত্রের তালিকায় আছেন বেয়ার লেভারকুজেনের সন হিউং মিন। চার বছর বুন্দেসলিগায় খেলার অভিজ্ঞতা থাকা এই সৃজনশীল প্লে-মেকারের গত মৌসুমটা গিয়েছে দুর্দান্ত। ব্রাজিলে এর প্রতিচ্ছবি নিশ্চিতভাবেই দেখতে চাইবেন কোচ।
নাই-বা হল ২০০২ টুর্নামেন্টের মতো সেমিফাইনালে খেলা, অন্তত দ্বিতীয় রাউন্ডে তো যাওয়া সম্ভব! আর দক্ষিণ কোরিয়ানরা বিশ্বাস করে, কারো তত্ত্বাবধায়নে যদি সেটি সম্ভব হয়, তিনি এই হং মিউং-বো। খেলোয়াড়ী জীবনের এই ডাকাবুকো সেন্ট্রাল ডিফেন্ডারের উপর তাদের এতটাই আস্থা!
এক নজরে:
গ্রুপ: এইচ
তারিখ | প্রতিপক্ষ | স্থান |
১৭ জুন | রাশিয়া | কুইয়াবা |
২২ জুন | আলজেরিয়া | পোর্তো আলেগ্রে |
২৬ জুন | বেলজিয়াম | সাও পাওলো |
এর আগে বিশ্বকাপে অংশগ্রহণ: ৮ বার
সেরা সাফল্য: সেমি-ফাইনাল (২০০২); দ্বিতীয় রাউন্ড (২০১০)
যেভাবে ব্রাজিল বিশ্বকাপে: এশিয়া অঞ্চলের বাছাইপর্বের ‘এ’ গ্রুপে রানার্সআপ হয়ে।
কোচ: হং মিউং-বো (জুলাই ২০১৩ থেকে)
খেলার ফর্মেশন: ৪-২-৩-১
ফিফা র্যাঙ্কিং: ৫৭
