রাশিয়া: প্রেরণা খোঁজার লক্ষ্য
দিন কয়েক আগে এক ইংলিশ দৈনিক বিশ্বকাপের ৩২ দলের ৩২ কোচের বেতনের তালিকা ছেপেছে। লুইস ফেলিপে স্কলারি, আলেহান্দ্রো সাবেইয়া, ভিসেন্তে দেল বস্কে, ইওয়াখিম লোদের দল হয়তো বিশ্বকাপ জয়ের জন্য ফেভারিট। কিন্তু বেতনে তারা সবাই পিছিয়ে ফাবিও কাপেল্লোর চেয়ে। রাশিয়ার এই ইতালিয়ান কোচই যে এবারের বিশ্বকাপের সবচেয়ে ‘দামী’ কোচ!
কাপেল্লোকে অত ‘দাম’ দিয়ে কিনেও ঠকেনি রাশিয়া। দেশটিকে ১২ বছর পর যে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে তুলে এনেছেন তিনি। সেখানেই শেষ নয়, স্বপ্ন দেখাচ্ছেন আরো বড় কিছুর। অন্তত দ্বিতীয় রাউন্ডে যাওয়াটা তো সাধ্যের ভেতরেই। ‘এইচ’ গ্রুপে বেলজিয়াম, দক্ষিণ কোরিয়া ও আলজেরিয়া যখন তাদের সঙ্গী, তখন নকআউট পর্বে যাওয়ার আশায় বিন্দুমাত্র বাড়াবাড়ি নেই।
তবে বিশ্বকাপ শুরুর ঠিক আগে আগে বড় এক ধাক্কা খেয়েছে রাশিয়ার প্রস্তুতি। চোটের কারণে শেষ হয়ে গেছে অধিনায়ক রোমান শিরোকভের টুর্নামেন্ট। গোলরক্ষক রোমান আইকিনকিফ, ফরোয়ার্ড ককরিনের মতো ফুটবলার আছেন অবশ্য। তাদের নিয়েই কাপেল্লোর ব্রাজিল-অভিযান।
বিশ্বকাপ বাছাইপর্বে রাশিয়ান অভিযানটা ছিল কিন্তু দুর্দান্ত। বলা যায়, প্রত্যশা ছাড়িয়ে গিয়েছিল তা। গ্রুপে ক্রিস্তিয়ানো রোনালদোর পর্তুগাল থাকায় অন্যদের রানার্সআপ হয়ে প্লে-অফে খেলার আশা জিইয়ে রাখার লক্ষ্যেই নামার কথা ছিল। কিন্তু কাপেল্লো রাশিয়ার ওই ছককাটা ভাবনার পথ বেয়ে হাঁটেনি। বরং প্রথম চার ম্যাচ টানা জিতে গ্রুপের নিয়ন্ত্রণ নেয় তারা। এর মধ্যে ছিল পর্তুগালের বিপক্ষে জয়ও। পর্তুগালে গিয়ে ফিরতি লেগ হারার ধকল সামলে উঠতে না উঠতে নর্দার্ন আয়ারল্যান্ডের কাছে হেরে একটু বিপদে পড়ে যায় রাশিয়া কিন্তু এরপর আবার ইসরায়েল ও লাক্সেমবার্গের বিপক্ষে জয়ে কক্ষপথে ফেরে তারা। আর আজারবাইজানের বিপক্ষে শেষ ম্যাচ ড্র করে ইউরোপ অঞ্চলের বাছাইপর্বে ‘এফ’ গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপের ভিসা পায় রাশিয়া।
ব্রাজিল বিশ্বকাপের সবচেয়ে বেশি বেতন পাওয়া কোচ যেমন কাপেল্লো, তেমনি তার চেয়ে সাফল্য-অভিজ্ঞতাও খুব বেশি কোচের নেই। এসি মিলান, রিয়াল মাদ্রিদ, ইউভেন্তুসের মতো ক্লাবের কোচ ছিলেন তিনি। এই তিন অভিজাত ক্লাবে কাটানো ১৬ মৌসুমের মধ্যে ৯ বারই জিতেছেন লিগ শিরোপা। এসি মিলানকে চ্যাম্পিয়নস লিগ জিতিয়েছেন ১৯৯৪ সালে। তুলনায় জাতীয় দলের হয়ে তার সাফল্যের রঙ যেন কিছুটা বিবর্ণ। কোচ হিসেবে ইংল্যান্ডকে ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরোর চূড়ান্ত পর্বে তুলেছেন। তবে ওই তোলা পর্যন্তই! চূড়ান্ত পর্বে গিয়ে খুব একটা কিছু করতে পারেনি কাপেল্লোর দল।
আরেকটি ব্যাপার মাথায় রেখেও ব্রাজিল আসর শুরু করবে রাশিয়া। ২০১৮ সালের পরের বিশ্বকাপ হবে তাদেরই দেশে। ঘরের মাঠের সেই আসরে ভালো করার অনুপ্রেরণা নিশ্চয় ব্রাজিল বিশ্বকাপ থেকেই নিতে চাইবে দলটি।
এক নজরে:
গ্রুপ: এইচ
তারিখ | প্রতিপক্ষ | স্থান |
১৭ জুন | দক্ষিণ কোরিয়া | কুইয়াবা |
২২ জুন | বেলজিয়াম | রিও দে জেনেইরো |
২৬ জুন | আলজেরিয়া | কুরিচিবা |
এর আগে বিশ্বকাপে অংশগ্রহণ: ৯ বার
সেরা সাফল্য: সেমি-ফাইনাল (১৯৬৬); কোয়ার্টার-ফাইনাল (১৯৫৮, ১৯৬২, ১৯৭০)
যেভাবে ব্রাজিল বিশ্বকাপে: ইউরোপীয় অঞ্চলের বাছাইপর্বে ‘এফ’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে।
খেলার ফর্মেশন: ৪-১-৪-১
ফিফা র্যাঙ্কিং: ১৯
কোচ: ফাবিও কাপেল্লো (জুলাই ২০১২ থেকে)
