ঘিগিয়াকে ফিফার উপেক্ষা
১৯৫০ সালের ব্রাজিল বিশ্বকাপে স্বাগতিকদের হৃদয়ভেঙে উরুগুয়েকে শিরোপা এনে দিয়েছিলেন আলসিদেস ঘিগিয়া। ৬৪ বছর আগের সেই ফাইনালে জয়সূচক গোল করা ঘিগিয়াকে এবারের আসরের উদ্বোধনী ম্যাচে আমন্ত্রণ বা টিকেট কোনোটিই পাঠায়নি ফিফা।
বৃহস্পতিবার সাও পাওলোয় ক্রোয়েশিয়ার বিপক্ষে স্বাগতিকদের ম্যাচ দিয়ে শুরু হবে ফুটবলের সবচেয়ে রোমাঞ্চকর টুর্নামেন্ট বিশ্বকাপ।
৮৭ বছর বয়সী ঘিগিয়া বুধবার সাংবাদিকদের জানান, আমি খেলা দেখতে যাচ্ছি না। কারণ, আমার কাছে কোনো টিকেট নেই।
ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে উরুগুয়েকে দ্বিতীয় শিরোপা এনে দেয়া দলটির শেষ জীবিত সদস্য ঘিগিয়া। গত ডিসেম্বরে বিশ্বকাপ ড্র অনুষ্ঠানে তাকে বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছিল ফিফা। আর এবার তাকে সম্পূর্ণ উপেক্ষা করছে আয়োজকরা।
ফিফা কংগ্রসের বাইরে ব্যথিত কণ্ঠে ঘিগিয়া বলেন, "এবারই প্রথম এটা...হল। আমি জার্মানি (২০০৬ সালের বিশ্বকাপে), দক্ষিণ আফ্রিকা (২০১০ সালের বিশ্বকাপে) ও বাহিয়ার ড্রতে ছিলাম। এটা অবশ্যই ফিফার কোনো কর্মকর্তার কাজ, যে জানে না সে কি করছে।"
