ইতালি শিবিরে স্বস্তি, ইংল্যান্ডে দুশ্চিন্তা
মুখোমুখি হওয়ার আগে দুই রকম খবর পেল সাবেক দুই চ্যাম্পিয়ন ইতালি ও ইংল্যান্ড। ফ্লু থেকে সেরে উঠেছেন মিডফিল্ডার ইতালির মার্কো ভের্রাত্তি। তাদের প্রতিপক্ষ শিবিরে চোটের কারণে অনুশীলন করতে পারেননি ড্যানি ওয়েলব্যাক।
‘ডি’ গ্রুপের দ্বিতীয় ম্যাচে শনিবার মুখোমুখি হবে দুই দল।
পিএসজির খেলোয়াড় ভের্রাত্তি ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্সের বিপক্ষে গত রোববারের প্রস্তুতি ম্যাচে খেলতে পারেননি। ‘আজ্জুরি’ নামে পরিচিত চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের অনুশীলনে বুধবার ফিরেছেন ২১ বছর বয়সী এই খেলোয়াড়। ফলে মানাউসে নিজেদের প্রথম ম্যাচের জন্য পূর্ণ শক্তির দলই পাচ্ছেন চেজারে প্রানদেল্লি।
চোটের কারণে আগে থেকেই ইতালির বিপক্ষে অনিশ্চিত আক্রমণাত্মক মিডফিল্ডার অ্যালেক্স অক্সলেইড-চেম্বারলেইন। এর সঙ্গে যুক্ত হলো স্ট্রাইকার ওয়েলব্যাককে না পাওয়ার দুর্ভাবনা।
