ব্রাজিলে আহত আর্জেন্টিনা সমর্থক
বিশ্বকাপের ভেন্যু বেলো হরিজন্তেতে মঙ্গলবার শেষ বেলায় এক আর্জেন্টিনা ভক্ত আহত হয়েছেন। তার কাছে থাকা দেশটির পতাকা তিন ব্রাজিলীয় কেড়ে নিতে চাইলে আঙ্গুল ভেঙেছে সেই সমর্থকের।
হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, আর্জেন্টিনার সেই ভক্তের হাতে অস্ত্রোপচার করা হবে। তবে বেলো হরিজন্তের সেনা পুলিশের এক মুখপাত্র জানান, এমন কোনো তথ্য তাদের কাছে নেই। কারণ, এ ধরনের কোনো ঘটনার পুলিশ রিপোর্ট হয়নি।
ফুটবলের সবচেয়ে রোমাঞ্চকর টুর্নামেন্ট বিশ্বকাপ উপলক্ষে আর্জেন্টিনা থেকে প্রায় ৫০ হাজার সমর্থক ব্রাজিলে যাবেন বলে ধারণা করা হচ্ছে।
বৃহস্পতিবার ক্রোয়েশিয়ার বিপক্ষে স্বাগতিক ব্রাজিলের ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্বকাপ। তার আগে সমর্থকদের মধ্যে এটাই সংঘর্ষের প্রথম ঘটনা।
দাঙ্গাবাজদের মধ্যে সঙ্গে সংঘর্ষ এড়াতে আর্জেন্টিনার ম্যাচ চলাকালে স্টেডিয়ামের ভেতরে ও বাইরে কড়া নিরাপত্তা ব্যবস্থা রাখার পরিকল্পনা রয়েছে ব্রাজিলের।
