২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগ্রাসী চিলিকে ভয় নেই অস্ট্রেলিয়ার

শক্তির বিচারে লাতিন আমেরিকার দল চিলির চেয়ে অনেক পিছিয়ে অস্ট্রেলিয়া। নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হওয়ার আগে 'আগ্রাসী' চিলিকে রোখার হুঙ্কারই দিয়ে রাখলেন অস্ট্রেলিয়ার সহকারী কোচ অরেলিও ভিদমার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2014, 11:02 PM

Updated : 22 Aug 2022, 06:28 PM

শুক্রবার 'বি' গ্রুপের ম্যাচে মুখোমুখি হবে দল দুটি।

‘বি’ গ্রুপে অন্যতম ফেভারিট চিলি। যদিও হোর্হে সামপাওলির দলটির গ্রুপ সঙ্গী গত আসরের দুই ফাইনালিস্ট স্পেন ও নেদারল্যান্ডস। পরের রাউন্ডে যেতে এই দুই দলের সঙ্গেই হবে চিলির মূল লড়াই।

অস্ট্রেলিয়ার লড়াইটা এখানে মর্যাদার। ভিদমারও জানেন, কতটা কঠিন লড়াইয়ে তাদের পড়তে হবে। ৪৭ বছর বয়সী এই কোচ প্রতিশ্রুতি দিয়েছেন, পিছিয়ে না গিয়ে শক্তিমান প্রতিপক্ষের মোকাবেলা করবে তার দল।

প্রথম প্রতিপক্ষ সম্পর্কে তিনি বলেন, “ওরা খুব আক্রমণাত্মক ফুটবল খেলে। ওরা অনেক ঝুঁকি নেয়। ওরা সাহসী আর ওদের খেলার ছক আক্রমণাত্মক। যখন বিশ্ব সেরা খেলোয়াড়দের কয়েকজন, (এদুয়ার্দো) বার্গাস, (আর্তুরো) ভিদাল, (আলেক্সিস) সানচেসরা দলে থাকে তখন একটু সাহসী হওয়াই যায়।”

চিলির খেলার ধরন দেখেই পরিকল্পনা সাজিয়েছে অস্ট্রেলিয়ার ‘থিঙ্ক ট্যাঙ্ক’। প্রতিপক্ষ মাঝমাঠে প্রচণ্ড চাপ তৈরি করে তাই সেভাবেই খেলোয়াড়দের প্রস্তুত করা হচ্ছে বলে জানান ভিদমার।

“এটা করার মতো কৌশলী খেলোয়াড় আমাদের রয়েছে। আমি আত্মবিশ্বাসী, চিলির জন্য যথা সময়ে আমরা প্রস্তুত থাকব। আমরা যেভাবে খেলতে চাই, তাতে খেলোয়াড়রাও আত্মবিশ্বাসী থাকবে।”

ভিদাল মানছেন, তারপরও কাজটা কঠিনই হবে।