ফাইনালে মেসির পছন্দ ব্রাজিল
পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে যেকোনো প্রতিপক্ষই এড়াতে চাইবে। মারাকানা স্টেডিয়ামের ফাইনালে তো ষষ্ঠ শিরোপার স্বপ্নে বিভোর স্বাগতিকদের প্রতিপক্ষ হিসেবে পেতে তো চাইবে না কেউই। কিন্তু আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির ফাইনালের প্রতিপক্ষ প্রথম পছন্দ ব্রাজিলই!
কয়েকদিন আগে ব্রাজিলের সবচেয়ে বড় তারকা নেইমার ও কোচ লুইস ফেলিপে স্কলারি জানান, বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে চান তারা।
বৃহস্পতিবার ক্রোয়েশিয়ার বিপক্ষে স্বাগতিকদের ম্যাচ দিয়ে শুরু হবে ফুটবলের সবচেয়ে আকর্ষণীয় টুর্নামেন্ট। তার আগে এক সাক্ষাৎকারে মেসি জানান, বেছে নেয়া সম্ভব হলে বিশ্বকাপের ফাইনালে ব্রাজিলের বিপক্ষে খেলতেন তিনি।
“বিশ্বকাপের ফাইনালে খেলা একটি স্বপ্ন। সবকিছু কিছু যেভাবে এগুচ্ছে তাতে আমি আশাবাদী, সেখানে পৌঁছাতে পারবো। আশা করি, ফাইনালে নেইমারের বিপক্ষে খেলবো।”
প্রথম বিশ্বকাপের অভিজ্ঞতা সম্পর্কে মেসি বলেন, “এটা ছিল খুব সুন্দর আর এটা ছিল টুর্নামেন্টে আমার প্রথম অভিজ্ঞতা। আমরা বিদায় নেয়ার পর যা হয়েছে, তাকে আমাদের অন্যায্য মনে হয়েছে। বিশেষ করে দল ভালো খেলার পর।”
“তারা বলেছিল, সেই হারে আমি কষ্ট পাইনি, যা মোটেও সত্য নয়।”
২০১০ সালের বিশ্বকাপে আর্জেন্টিনার কোচ ছিলেন ফুটবল কিংবদন্তি দিয়েগো মারাদোনা। সেই বিশ্বকাপের অভিজ্ঞতাও বলেছেন মেসি।
“মারাদোনা ও আমি এক সঙ্গে খুব ভালো ছিলাম। তার যোগাযোগের দারুণ একটা ক্ষমতা ছিল, যা খুব বিশেষ কিছু ছিল।”
এবার স্বপ্ন পূরণে সর্বস্ব ঢেলে দিতে চান মেসি।
“আমি জিততে পছন্দ করি এবং এর জন্য যদি লড়াইও করতে হয় আমি করবো।”
