২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাজিলের রক্ষণভাগে পেলের ভরসা

ব্রাজিলের আক্রমণাত্মক ফুটবলের মতো রক্ষণভাগও সমান কার্যকর, অন্তত ফুটবল কিংবদন্তি পেলের তাই বিশ্বাস।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2014, 01:46 AM

Updated : 25 Apr 2022, 04:18 PM

অনেকের মতে সর্বকালের সেরা ফুটবলার পেলে বলেন, “দেশের ফুটবলের ইতিহাসে প্রথমবারের মতো ব্রাজিলের রক্ষণভাগ আক্রমণভাগের চেয়ে শক্তিশালী। মিডফিল্ডের পেছনটা দারুণ আর খুব সংগঠিত।”

পেলে মনে করেন, দানিয়েল আলভেস, দাভিদ লুইস, রামিরেস, চিয়াগো সিলভা ও ফের্নান্দিনিয়োয় গড়া রক্ষণভাগই ব্রাজিলের সবচেয়ে বড় শক্তি।

বিসিবিকে পেলে বলেন, “এই প্রথম এমন ব্যতিক্রম হল ব্রাজিল দলে। আশাকরি, আমরা মিডফিল্ড ও ফরোয়ার্ডে মানিয়ে নিতে পারবো।”

গোলের জন্য ব্রাজিল তাকিয়ে থাকবে দলের সবচেয়ে বড় তারকা নেইমারের দিকে। বার্সেলোনার এই তরুণ দেশের হয়ে চমৎকার খেলছেন। পেলে মনে করেন,নেতৃত্ব দেয়ার সামর্থ্য এই স্ট্রাইকারের রয়েছে।

ফুটবলের দুই মহাতারকা আর্জেন্টিনার লিওনেল মেসি ও পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো থাকলেও পেলের বিশ্বাস, এবারের আসরে সবচেয়ে বেশি আলো ছড়াবেন নেইমার।

পেলে মনে করেন শিরোপা লড়াইয়ে ব্রাজিলের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হবে আর্জেন্টিনা। আর বিস্মিত করতে পারে স্পেন, নেদারল্যান্ডসের গ্রুপ সঙ্গী চিলি। ইউরোপের দলগুলোর মধ্যে শিরোপাধারী স্পেনের সঙ্গে জার্মানিকে এগিয়ে রাখছেন তিনি।

বৃহস্পতিবার সাও পাওলোয় ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ব্রাজিলের ষষ্ঠ শিরোপা জয়ের অভিযান শুরু হবে। ‘এ’ গ্রুপে তাদের অন্য দু প্রতিপক্ষ মেক্সিকো ও ক্যামেরুন।